প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো প্রণোদনা চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো কর রেয়াত, আইনসহ সরকারি বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সঙ্গে প্রণোদনা চায়। প্রতিবন্ধীরা পরিবহনসহ তাঁদের যাতায়াতের জায়গাগুলো চলাচলের উপযোগী করার দাবি জানান।

প্রথম আলোরে আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় আজ বুধবার বিকেলে কারওয়ান বাজারে ‘প্রতিবন্ধী ব্যক্তির কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
গোলটেবিলের শুরুতে আইএলওর বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাকটিভিটি প্রকল্পের কিশোর কুমার সিংহ প্রতিবন্ধীদের দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অনেক ধরনের সুযোগ থাকলেও সচেতনতা কম।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মিজানুর রহমান বলেন, সরকার এগোচ্ছে। একে একে সবই হবে। তিনি বলেন, প্রশিক্ষিত প্রতিবন্ধীদের যদি প্রোফাইল তৈরি করা যায়, তাহলে চাকরিদাতারা তাদের পছন্দ চাহিদা অনুযায়ী সহজেই কাউকে নিয়োগ দিতে পারবে। শুধু রাজধানীকেন্দ্রিক কাজ না করে দেশের বিভিন্ন অঞ্চলে ভাগ করে কাজ করার জন্য বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম কর কমিশনার মো. জেহাদ উদ্দীন বলেন, সংবিধান অনুযায়ী সবাই সমান। যাঁরা পিছিয়ে আছেন, তাঁদের নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে। কোনো প্রতিষ্ঠান যদি সম্পূর্ণভাবে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, তাহলে তাদের কর মওকুফ করা হয়। তবে কর রেয়াতের পাশাপাশি প্রণোদনাও জরুরি।

ন্যাশনাল কাউন্সিল ফর ডিজঅ্যাবিলিটি উইমেনের সভাপতি নাসিমা আক্তার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাসে বা গণপরিবহনে আমাদের মতো মানুষদের যাতায়াত করার সুযোগ নেই। অনেক ভবনে ওঠার সুযোগ থাকে না। কোথাও যেতে হলে চিন্তা করতে হয়, বাথরুমে আমার হুইলচেয়ার নিয়ে প্রবেশ করা যাবে কি না।’

প্রথম আলোর আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বুধবার ‘প্রতিবন্ধী ব্যক্তির কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলোর আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় বুধবার ‘প্রতিবন্ধী ব্যক্তির কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

অ্যাকসেস বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মহুয়া পালও শৌচাগার নিয়ে সমস্যার কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের যাঁরা প্রশিক্ষণ দেন, তাঁদের প্রতিবন্ধীদের বিষয়ের ভালো ধারণা থাকতে হবে। সেখানকার পরিবেশটাও প্রতিবন্ধীদের উপযোগী হতে হবে। এ দুজনই সুরক্ষা আইন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তবে এ-ও বলেন, এ আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।

ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান ফারজানা কাশফি বলেন, ‘আমাদের সচেতনতা কম। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা যদি প্রতিবন্ধীদের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, তাহলে তাঁরা নিজেদের প্রমাণ করতে পারবেন।’ তিনি পরিবার ও সামাজিকভাবে সচেতনতা তৈরির আহ্বান জানান।

রিটেইল শপ স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির নাসির জানান, স্বপ্নতে ১৮ জন প্রতিবন্ধী কাজ করছেন। স্বপ্নতে ১০ শতাংশ প্রতিবন্ধী কোটা রয়েছে। প্রতিষ্ঠানগুলো যদি তাঁদের সরবরাহ করতে পারে, তাহলে তাঁরা নিয়মিত নিয়োগ দিয়ে যাবেন।

গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। গোলটেবিলে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটি অব ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের কো-চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, যশোর টিএসসির প্রিন্সিপাল সৈয়দ আবদুল আজিজ, এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রজেক্ট অ্যানালিস্ট তানিয়া ফেরদৌস, ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ডেভিড হাসানাত, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি প্রোগ্রামের মুর্তজা আর খান ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন, অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (স্কিলস ডেভেলপমেন্ট) জাওয়াদুল করিম খান প্রমুখ।