প্রতিবন্ধীদের নিয়ে সিআরপির দুই দিনের মেলা
ঢাকার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্রের (সিআরপি) উন্মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মেলা গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার এ মেলা শেষ হবে।‘নিরাপদ সড়ক চাই’-এর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সকাল ১০টার দিকে সিআরপির মূল ফটকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। এ সময় সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরি এ. টেইলর, নির্বাহী পরিচালক মো. এমদাদ মোসলেমসহ সিআরপি ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সমাজের অসহায় ও দুস্থ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলার পাত্র নয়। প্রাপ্য অধিকার দেওয়া হলে তারাও আমাদের ইতিবাচক প্রতিদান দিতে পারে।’ভেলরি টেইলর বলেন, ‘দেশে ও দেশের বাইরে থেকে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় সিআরপি ৩১ বছর ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা দিয়ে আসছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’পরে তাঁরা সিআরপি প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি হস্তশিল্পের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। গতকাল দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাগরদোলায় চড়া, সিআরপির পুকুরে মাছ ধরা ও নৌকাভ্রমণের আয়োজন করা হয়। সিআরপিতে তিন মাস ধরে চিকিৎসা নিচ্ছে চাঁদপুরের মাসুম (১২)। সে প্রথম আলোকে বলে, ‘গাছ থেকে পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। এখন হাঁটতে পারি না। হুইল চেয়ারই আমার ভরসা। এর পরও এখানে আজ আমি ঈদের দিনের মতোই আনন্দ পাচ্ছি।’আজ শনিবার মেলার সমাপনী দিনে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি বিকেল তিনটায় পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের জন্য হুইল চেয়ারে বসে বাসকেটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় সিআরপির রেডওয়ে হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোর।একই স্থানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। প্রথম আলোর সহযোগিতায় এ মেলার মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার, এবিসি রেডিও ও এটিএন নিউজ।