প্রতিবন্ধীদের অনেকেই করুণার চোখে দেখে। তাদের অধিকার অনেকেই স্বীকার করে না। রাষ্ট্রও তাদের অধিকার নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নেয়নি। অথচ অনেক প্রতিবন্ধীই প্রমাণ করেছে, সুযোগ পেলে তারাও অনেক কিছু করতে পারে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি আয়োজিত ‘প্রতিবন্ধী নারী অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা উঠে আসে। বক্তারা সব ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয় ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উঠে আসা সুপারিশগুলো নিজ নিজ মন্ত্রণালয়ে উত্থাপন করার অঙ্গীকার করেন।সংলাপে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আশরাফুন্নাহার। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবমতে, বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় দেড় কোটি। দারিদ্র্য, জ্ঞানের অভাব, প্রাকৃতিক দুর্যোগ, পুষ্টিহীনতা, রোগব্যাধি, শারীরিক ও মানসিক নির্যাতন এর কারণ। নারীদের ক্ষেত্রে এসব সমস্যা আরও প্রকট।প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমাদের দেশে মানুষ হিসেবে মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হয়নি। এখানে প্রতিবন্ধীদের প্রতি শ্রদ্ধাবোধ সুদূরপরাহত। যেখানে পশুর প্রতি আঘাত করা যায় না, সেখানে প্রকাশ্যে লাঠিপেটা করে মানুষ মেরে ফেলা হয়। পরে আবার উল্লাস প্রকাশ করা হয়। আমাদের শিক্ষা, মানবিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। এমন সমাজ আমরা চাই না।’ তিনি বলেন, এখানে একটি আইন করা হয়েছে, যার নাম প্রতিবন্ধী কল্যাণ আইন। শব্দের মারপ্যাঁচে এখানে প্রতিবন্ধীদের অধিকারের স্বীকৃতিকে অস্বীকার করা হয়েছে। এই আইনে প্রতিবন্ধীদের অনুকম্পা দেখানো হয়েছে।মিজানুর রহমান একটি উদাহরণ দেন। তিনি বলেন, ‘আমার এক দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্র আইনে অনার্স-মাস্টার্স পাস করে বার কাউন্সিলে নিবন্ধন নিতে গেল। কিন্তু তারা তা দিতে চাইল না। পরে আমি হস্তক্ষেপ করেছি। পরে সে নিবন্ধন পায়। এখন সে কুমিল্লা বারে আইন পেশায় নিয়োজিত। এ থেকে বোঝা যায়, প্রতিবন্ধিতা কোনো কাজ করার ক্ষেত্রে বাধা হবে না। তাদের সুযোগ করে দিতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এইচ কে আরেফিন বলেন, অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতাকে সৃষ্টিকর্তার অভিশাপ হিসেবে দেখা হয়। যাদের প্রতিবন্ধী সন্তান আছে, তারা নিজেদের খুব ছোট মনে করে। কিন্তু মানুষ তো মানুষই। প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে কেউ তো কোনো অপরাধ করেনি।নারী ও শিশুবিষয়ক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নিলুফার বেগম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের চাকরির যে কোটা আছে, সেখানে প্রতিবন্ধীদের সঙ্গে আদিবাসীদের মিলিয়ে দেওয়া হয়েছে। এটা আলাদা করা প্রয়োজন।বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আবদুস সাত্তার অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন। তিনি বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষ কর হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিরা বছরে সরকারকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে থাকে। কিন্তু সরকার এসব মানুষের জীবনমান উন্নয়নে কত টাকা খরচ করেছে? সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো মোটেও যথেষ্ট নয়।’