প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে সহায়তার হাত বাড়িয়ে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রতিবন্ধিত্ব মানব বৈচিত্র্যেরই অংশ—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবার, সমাজ, শিক্ষা ও কর্মজীবনসহ সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের বিশেষ চাহিদা রয়েছে। তাদের এই চাহিদা মেটানো আমাদের সবারই কর্তব্য।এ বছর প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘উন্নয়নে সম্পৃক্ত প্রতিবন্ধী ব্যক্তি: সবার জন্য সুন্দর এক পৃথিবী’। এর ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, এবারের প্রতিপাদ্য প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সব দেশকে সম্মিলিতভাবে কাজ করতে উৎসাহ জোগাবে। এর মাধ্যমে বিশ্ব উন্নয়নে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে। এতে তাদের ক্ষমতায়নও নিশ্চিত হবে।প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাদের অধিকার সুরক্ষার জন্য এর মধ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইনের খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা পাস হবে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ৩০ জেলায় প্রতিবন্ধীদের জন্য সেবা ও সহায়তাকেন্দ্র চালু করেছে। চলতি অর্থবছরে এই কর্মসূচি আরও ২০ জেলায় সম্প্রসারিত হবে। এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান স্টপ মোবাইল থেরাপি সেন্টার’ এবং রাজধানীতে কর্মজীবী প্রতিবন্ধী পুরুষ ও মহিলা হোস্টেল চালু করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিবন্ধীবিষয়ক সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ প্রণয়ন করেছে। এর আওতায় ৫৫টি বেসরকারি বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা সরকারিভাবে দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তির সংখ্যাও ১৩ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার ৬২০ করা হয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা এখন পরীক্ষায় অতিরিক্ত ১৫ মিনিট সময় পাচ্ছে এবং এই সময় ৩০ মিনিট নির্ধারণের কথা বিবেচনা করা হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সমাজকল্যাণসচিব রঞ্জিত কুমার বিশ্বাস ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার সৈয়দ জহুরুল আলম। পরে শেখ হাসিনা ১৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র প্রদান করেন। তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিবন্ধীদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন।