প্রতিবন্ধীদের প্রবেশগম্য ভবন মাত্র দুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ভবন ছাড়া অন্য কোনো ভবন প্রতিবন্ধীদের প্রবেশগম্য নয়।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় তিন দিনব্যাপী সরেজমিনে নিরীক্ষণ শেষে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান) এ তথ্য জানিয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ নিরীক্ষা কার্যক্রমের সহযোগিতায় ছিল ওয়াটারএইড, পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।
সংবাদ সম্মেলনে নিরীক্ষা কার্যক্রমের বিভিন্ন তথ্য ও সুপারিশমালা তুলে ধরেন বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব। প্রশ্নের জবাব দেন রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দ্য ডিজঅ্যাবলডের সভাপতি রাশেদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা। নিজের অনুভূতি ব্যক্ত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আসমা আক্তার ও চট্টগ্রাম বধির সংস্থার সাধারণ সম্পাদক নিমাই বণিক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি রাশেদ রউফ, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, ওয়াটারএইডের প্রোগ্রাম ম্যানেজার শামীম আহমেদ।
পাঁচ ধরনের প্রতিবন্ধী মানুষের প্রবেশের সুবিধা ও বাধাগুলো চিহ্নিত করে সমাধান খুঁজে বের করার তাগিদে এবং ইমারতবিধি আইনে প্রবেশগম্যতা সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে এ জরিপ চালায় বি-স্ক্যান।
চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়, বহদ্দারহাট বাস টার্মিনাল, চট্টগ্রাম রেলস্টেশন, চট্টগ্রাম নিউমার্কেট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডবলমুরিং থানায় গত ১৬, ১৮ ও ১৯ জুন এ নিরীক্ষা কার্যক্রম চালানো হয়।