প্রতিবন্ধীদের প্রশিক্ষণ পুনর্বাসনের সুযোগ অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ, বছর বছর সন্তান ধারণ, নিকটাত্মীয়ের সঙ্গে বিয়ে, অপুষ্টিসহ নানা অসচেতনতার কারণে ভোলায় প্রতিবন্ধী শিশুর সংখ্যা বেশি। তাদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য মাত্র তিনটি প্রতিষ্ঠান কাজ করছে। কিন্তু অর্থাভাবে এগুলো চলছে ঢিমেতেতালে।ভোলা শহরের এসব প্রতিষ্ঠান প্রায় ২০০ প্রতিবন্ধীকে ক্রীড়া, শরীরচর্চা, সহায়ক উপকরণ ও শিক্ষা দিয়ে পুর্নবাসনের চেষ্টা করছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, এম আলী প্রতিবন্ধী পুর্নবাসন কেন্দ্র ও হাই কেয়ার বধির স্কুল।১৯৯৩ সালে ভোলা বাংলা স্কুলের পাশে প্রতিষ্ঠিত ভোলা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন বলেন, ভোলায় প্রতিবন্ধীর সংখ্যা ১৫ থেকে ১৬ শতাংশ। এর মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধীর সংখ্যা বেশি। এর প্রধান কারণ ভোলা একটি নদীভাঙন-কবলিত এলাকা। এখানে শিক্ষিত ও সচেতন পরিবারের সংখ্যা কম; কুসংস্কারাচ্ছন্ন ও অপুষ্টিতে ভোগা লোকের সংখ্যা বেশি। ৯৫ শতাংশ মা-বাবা তাঁদের সন্তানের বয়স ১৮ বছর না হতেই বিয়ে দিচ্ছেন। ১০ থেকে ১২ বছর বয়সের মেয়েদের বিয়ের সংখ্যা ৩০ শতাংশের বেশি। মায়েরা অল্প বয়স থেকেই বছর বছর সন্তান নিচ্ছেন, এমনকি বেশি বয়সেও সন্তান নিচ্ছেন। মোশারেফ হোসেন আরও বলেন, এটি ভোলার একমাত্র বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল হলেও নানা রকম প্রতিবন্ধিতায় আচ্ছন্ন শিশু এখানে ভর্তি হচ্ছে। এসব শিশুর প্রশিক্ষণের জন্য সহায়ক উপকরণ ও সরঞ্জাম নেই বললেই চলে। রয়েছে শিক্ষকসংকট, কিন্তু নেই কোনো বার্ষিক বরাদ্দ।ভোলা নাগরিক সমাজের সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, প্রতিবন্ধীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তা ছাড়া প্রতিবন্ধিতা প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থাকে বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোকে সচেতন করা দরকার। কী কারণে সন্তানটি প্রতিবন্ধী হচ্ছে, তা জানা মা-বাবার অধিকার।হাই কেয়ার বধির স্কুলের প্রধান ইয়াসমিন জানান, স্কুলের নিজস্ব কোনো জমি নেই। আজ এখানে, কাল ওখানে নিয়ে তাঁরা স্কুলটি চালাচ্ছেন। অর্থাভাবে এটি বন্ধের পথে। সঠিকভাবে তদারক করলে ভোলার শত শত বধির বাকপ্রতিবন্ধীকে পুনর্বাসন করা যেত।ভোলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোজ কুমার ঘরামী প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধীদের জন্য আরও প্রশিক্ষণকেন্দ্র দরকার। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।