প্রতিবন্ধীদের পড়ার জন্য প্রথম আলো মডেল

‘বাংলাদেশে সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদভিত্তিক ওয়েবসাইট এখনো প্রতিবন্ধীবান্ধব নয়। এ ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রথম আলো অনলাইন ব্যতিক্রম। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অভিগম্যতা বা সুযোগের ক্ষেত্রে এই অনলাইন মডেল হতে পারে।’
কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) জাতীয় পরামর্শক (অভিগম্যতা) ভাস্কর ভট্টাচার্য। আজ সকালে ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের তথ্যে অভিগম্যতা’ শীর্ষক এক কর্মশালায় কথাগুলো বলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে নিজেদের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন।
ভাস্কর ভট্টাচার্য নিজেও দৃষ্টিপ্রতিবন্ধী। সব বাধা অতিক্রম করে তথ্যপ্রযুক্তি খাতে তিনি অবদান রেখে যাচ্ছেন। আজকের কর্মশালায় তিনিই মূল প্রবন্ধ উপস্থাপনটি তুলে ধরেন। ভাস্কর বলেন, প্রযুক্তি এখন এমন অবস্থায় গেছে, যেখানে কোনো মানুষ এ থেকে দূরে থাকবে না। বাংলাদেশের পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ প্রতিবন্ধীবান্ধব করতে হবে। এর জন্য এসব প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতি থাকতে হবে।
ভাস্কর ভট্টাচার্য হাতে-কলমে বাংলাদেশ সরকারের অনলাইন এবং প্রথম আলো অনলাইন ব্যবহার করে দেখান।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নন। তাঁদের সম্পদে পরিণত করার জন্য প্রযুক্তি বড় সহায়ক।
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম বলেন, সরকারি অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখনো দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীবান্ধব হয়ে উঠতে পারেনি।