নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির অঙ্গীকার।’দিবসটি উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী উন্নয়ন পরিষদ রায়ের বাজার উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রতিবন্ধীদের জীবন মানের উন্নয়নে সমবায় সমিতি গঠন ও বিশেষ ঋণদান কর্মসূচি নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ কর্মপরিকল্পনা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে এবং শোভাযাত্রা বের করে। আলোচনা সভায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, সমাজের অন্য মানুষের মতো প্রতিবন্ধীরাও যাতে স্বাভাবিক জীবনযাপন এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক দিলোয়ার বখতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন বাদশা।