প্রতিবন্ধীদের বিশ্ব জয়ের স্বপ্ন
‘আজকে আমরা ছোট শিশু, কালকে বড় হব; আমরা বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে বিশ্ব জয় করব’—প্রতিবন্ধী শিশুদের গাওয়া এ গান সবার মন ছুঁয়ে গিয়েছিল। দ্য স্যালভেশন আর্মি নামের একটি সংগঠনের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা এ গানের মধ্য দিয়েই কেউ বিজ্ঞানী আবার কেউবা বৈমানিক হওয়ার আকাঙ্ক্ষার কথাও প্রকাশ করে।গতকাল বুধবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের মনের ইচ্ছাগুলো জানিয়ে দেন। অনুষ্ঠানের শ্রোতা-দর্শকেরাও তাদের ইচ্ছাগুলো পূরণে সহায়ক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার কথা জানান।জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরাম, পার্লামেন্টারিয়ানস ককাস অন ডিসঅ্যাবিলিটি ও ডিসঅ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবছর এপ্রিল মাসের প্রথম বুধবার জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা ও অটিজমের পাশে আমরা সবাই’।অনুষ্ঠানে প্রধান অতিথি পার্লামেন্টারিয়ানস ককাস অন ডিসঅ্যাবিলিটির আহ্বায়ক সাংসদ আবদুল মতিন প্রতিবন্ধীদের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।বিশেষ অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম প্রতিবন্ধীদের জন্য একটি কমপ্লেক্স তৈরিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন ঘোষণা বাস্তবায়নের আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা বেগম, ডিসঅ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্রুপের আহ্বায়ক কাজী রোজী, ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন প্রমুখ।অনুষ্ঠানে ‘ওরে ও পাঞ্জাবিওয়ালা...’ গানের সঙ্গে হাইকেয়ারের শ্রবণ ও বাক্প্রতিবন্ধীদের ফ্যাশন শোর সময় রবীন্দ্রসরোবরে উপচে পড়া দর্শকের করতালিতে পরিবেশ উচ্চকিত হয়ে ওঠে। সাইটসেভারস ইন্টারন্যাশনালের নরসিংদীর দৃষ্টিপ্রতিবন্ধী নুরুননাহারের কণ্ঠের গানও মুগ্ধ করে দর্শকদের। বিকেল গড়িয়ে সন্ধ্যা। চারপাশ ঢেকে যেতে থাকে অন্ধকারে। কিন্তু দর্শকদের মধ্যে অনুষ্ঠান ছেড়ে যাওয়ার তেমন একটা তাড়া দেখা গেল না। প্রতিবন্ধী ব্যক্তি বা দলের একটি গান শেষে আরেকটি দলের গান বা নাচ শুরু করতে কিছুটা সময় লাগলেও বিভিন্ন বয়সী দর্শকেরা ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের প্রায় ২১টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।পয়লা বৈশাখে জাতীয় পর্যায়ের কর্মসূচিএবার দেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে পয়লা বৈশাখ, ১৪১৭ বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, এই দিন বঙ্গভবনে রাষ্ট্রপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ, নেতৃস্থানীয় লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সংবর্ধনা দেবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক নববর্ষের বাণী দেবেন। দিনটি সাধারণ ছুটি থাকবে।ঢাকা মহানগর ছাড়া পাঁচটি বিভাগীয় শহর, ৫৮টি জেলা সদর ও সব উপজেলায় পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন করা হবে। সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানায়) উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী তিন দিনব্যাপী পয়লা বৈশাখ অনুষ্ঠানমালার আয়োজন করবে। শিশু একাডেমী, বাংলা একাডেমী এবং সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৈশাখী মেলার আয়োজন করবে।বদরুদ্দীন হোসাইন স্মরণে নাট্যোত্সবশিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল ফটকের দুই পাশে চট দিয়ে তৈরি করা হয়েছে অভ্যর্থনা জানানোর জন্য আরেকটি গেট। ওপরে লেখা ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা’। আয়োজক পদাতিক নাট্য সংসদ। একটু ভেতরে ভাষাসৈনিক ও সাংস্কৃতিক কর্মী প্রয়াত বদরুদ্দীন হোসাইনের বড় একটি প্রতিকৃতি। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্যোত্সবের আয়োজন।গতকাল বিকেলে ‘মঙ্গল চেতনায় সংস্কৃতির অভিযাত্রায় দীপশিখা হয়ে এসো বারবার’ স্লোগান নিয়ে শুরু হয় উত্সব। মঙ্গলদীপ জ্বালিয়ে নাট্যোত্সবের উদ্বোধন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইনের সভাপতিত্বে আলোচনাপর্বে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, লিয়াকত আলী, নিহাদ কবির, শেখ মোসলেহ উদ্দিন ও ওয়াহিদুল ইসলাম। সঞ্চালনা করেন কাজী রফিক।অনুষ্ঠানে জানানো হয় প্রথমবারের মতো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা ২০১০ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও শিমূল ইউসুফ। ১১ এপিল রোববার উত্সবের সমাপনী দিনে তাঁদের এই সম্মাননা দেওয়া হবে। আলোচনা শেষে দেশি বাদ্যযন্ত্র বাদনের সঙ্গে নেচেগেয়ে নাট্যকর্মীরা পরিবেশ আনন্দঘন করে তোলেন। সন্ধ্যা সাতটায় পদাতিক মঞ্চস্থ করে আবদুস সেলিমের অনুবাদে আগাথা ক্রিস্টির নাটক মাউসট্র্যাপ। নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম। আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কাঁঠালবাগান।