প্রতিবন্ধীদের বেসরকারি খাতে নিয়োগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করপোরেট সেক্টর ও বেসরকারি খাতে প্রতিবন্ধীদের কাজের সুযোগ দিয়ে তাদের প্রতিভাকে দেশের উন্নয়নে লাগানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পঞ্চম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১২ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই আপনজন। আসুন, আমরা তাদের প্রতিভা বিকাশে সাহায্য করি। দেখবেন, তারাও সমাজ এবং দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে।’ তিনি আরও বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতায় দেশব্যাপী ৩৫টি সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়েছে।শেখ হাসিনা বলেন, অটিজম মস্তিষ্কের বিকাশজনিত একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা। এ সমস্যার এখনো কোনো প্রত্যক্ষ চিকিৎসা আবিষ্কৃত হয়নি। তাই অটিস্টিকদের সহযোগিতায় পরিবার থেকে শুরু করে সবাইকে আন্তরিক হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিবন্ধীদের মেধাকে কাজে লাগাতে আগ্রহী। বিসিএসসহ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এতিম ও প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে। তাদের জন্য সংরক্ষিত পদগুলোতে আবেদনের বয়সসীমা ৪০ বছর। এ ছাড়া ঢাকায় অটিস্টিকদের জন্য অবৈতনিক বিদ্যালয় চালু করা হয়েছে। এসব শিক্ষার্থীর জন্য উপবৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী এবং সমাজকল্যাণসচিব রণজিৎ বিশ্বাস। সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম ‘গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ বাংলাদেশ’-এর উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা হোসেনের একটি শুভেচ্ছা বার্তা পড়ে শোনান। বার্তায় বলা হয়, অটিজম সারা বিশ্বে বিকাশমান একটি স্বাস্থ্য সমস্যা। প্রতি ৮৮টি শিশুর একটি এই রোগে ভুগছে। তিনি বলেন, ডায়াবেটিস, এইডস, ক্যানসার, মস্তিষ্কের পক্ষাঘাতসহ বিভিন্ন রোগে আক্রান্ত মোট শিশুর চেয়ে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা বেশি।শেষে প্রধানমন্ত্রী ১০টি অটিস্টিক শিশুকে হুইলচেয়ার এবং চারটি শিশুর হাতে হেয়ারিং এইড তুলে দেন। বাসস।