প্রতিবন্ধীদের ব্যাপারে বাংলাদেশের অগ্রাধিকার নীতি প্রশংসনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ-দুর্বিপাকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার-নীতি প্রশংসনীয়। সীমিত সম্পদের দেশ হয়েও এ ক্ষেত্রে বাংলাদেশের কর্মকাণ্ড থেকে বিশ্বসম্প্রদায়ের শিক্ষা নেওয়ার অবকাশ রয়েছে।জাতিসংঘ প্রতিবন্ধী অধিকার সনদের তৃতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বুধবার থেকে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। গতকাল শুক্রবার সম্মেলন শেষ হয়।সম্মেলনের দ্বিতীয় দিন গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘের প্রতিবন্ধী অধিকারবিষয়ক কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী। নিউজিল্যান্ডের স্থায়ী প্রতিনিধির সভাপতিত্বে গত বুধবারের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতিসংঘের জেনেভাভিত্তিক মানবাধিকার-বিষয়ক কর্মকর্তা সিলভিয়া, যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধীবিষয়ক সংগঠক ম্যারেলিন। বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশের সরকারি নীতিমালায় প্রতিবন্ধীদের স্বার্থসংরক্ষণের কথা উল্লেখ রয়েছে। দুর্যোগ-দুর্বিপাকে প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতি অগ্রাধিকার প্রদানের সরকারি নির্দেশ রয়েছে।উল্লেখ্য, জাতিসংঘ-প্রণীত প্রতিবন্ধী অধিকার সনদ বিশ্বের ৯০টি দেশ ইতিমধ্যে অনুমোদন করেছে। বিশ্বের প্রতিবন্ধীদের স্বার্থসংরক্ষণের জন্য এত দিন জাতিসংঘের ১২ সদস্যের একটি কমিটি ছিল। এ বছর থেকে কমিটির সদস্যসংখ্যা ১৮-তে উন্নীত করা হয়েছে। সম্মেলনে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।