প্রতিবন্ধীদের ভাতায় ভাগ বসালেন ইউপি সদস্যরা
নওগাঁর বদলগাছি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের বিরুদ্ধে প্রতিবন্ধীদের ভাতার টাকা কেটে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
উপজেলার সোহাসা গ্রামের প্রতিবন্ধী রিয়াজুল ইসলামের বাবা মো. আবু রায়হান ওই অভিযোগ দেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে প্রতিবন্ধী ভাতাভোগীর বর্ধিত কোটায় সদর ইউপির ৯টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রতিবন্ধীর চূড়ান্ত তালিকা অনুমোদন দেওয়া হয়। সদর ইউপি কার্যালয় ও সমাজসেবা কার্যালয় থেকে গত বৃহস্পতিবার এক বছরের ভাতার টাকা বিতরণ করা হয়। ইউপি কার্যালয়ে ২৬ জন ও সমাজসেবা কার্যালয় থেকে ৪ জনকে ভাতার টাকা দেওয়া হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যরা তাঁদের ওয়ার্ডের ভাতাভোগী ব্যক্তিদের হাতে ভাতার টাকা তুলে দেন। ইউপি সদস্যরা ২৬ জন ভাতাভোগীকে ৭ হাজার ২০০ টাকার পরিবর্তে ৩ হাজার ৬০০ টাকা করে দেন। তবে সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া ৪ জন ভাতাভোগী ৭ হাজার ২০০ টাকা করে পেয়েছেন। পরে ২৬ জন ভাতাভোগীর টাকা কেটে নেওয়ার বিষয়টি জানাজানি হয়। এ ছাড়া ইউপি সদস্যরা ভাতার কার্ড নষ্ট হওয়ার অজুহাতে কৌশলে ওই ২৬ জনের কার্ড তাঁদের কাছে রাখেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ২৬ জন প্রতিবন্ধীর কাছ থেকে ভাতার টাকা কেটে রাখার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনার পর কয়েকজন ইউপি সদস্য টাকা ফেরতও দিয়েছেন। ভাতাভোগী ব্যক্তিদের সোনালী ব্যাংকের নিজ নিজ হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করার কথা ছিল। কিন্তু ইউপি সদস্যরা প্রতিবন্ধীদের ভাতার কার্ড নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। ইউপি সদস্যদের হাতে প্রতিবন্ধীদের ভাতার টাকা গেল কীভাবে, তা জানতে ব্যাংকের ব্যবস্থাপককে চিঠি দেওয়া হবে।
বদলগাছি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ভাতাভোগী প্রতিবন্ধীরা অসুস্থ থাকার কথা বলে ইউপি সদস্যরা ব্যাংক থেকে টাকা তুলেন। তখন সংশ্লিষ্ট ভাতাভোগীর অনেকেই ইউপি সদস্যদের সঙ্গে ছিলেন।
ইউপির সদস্য কালিদাস বলেন, প্রতিবন্ধীদের ভাতার টাকা বিতরণ করতে ভুল হয়েছিল। পরে কেটে রাখা টাকা ফেরত দেওয়া হয়েছে।
বদলগাছি ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘প্রতিবন্ধীরা তাঁদের টাকা ঠিকমতো পাননি বলে শুনেছি।’