প্রতিবন্ধীদের ভোটদানে বাধা অবকাঠামো ছাড়াও অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ের মো. লিয়াকত আলী (৩২) গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি। সহিংসতা বা অন্য কোনো অনিয়মের কারণে নয়, ভোট দেওয়ার বুথ তিনতলায় ছিল বলেই এ সমস্যা। শারীরিক প্রতিবন্ধী লিয়াকত হুইল চেয়ারে চলাফেরা করেন। 

দেশে ভোট দেওয়ার প্রক্রিয়া লিয়াকতের মতো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য মোটেও অনুকূলে নয়। কেন্দ্রের অবকাঠামোগত সমস্যা ছাড়াও পারিবারিক ও সামাজিক বাধার মুখে পড়েন তাঁরা। লিয়াকত আলীর ভোটকেন্দ্র ছিল খিলগাঁওয়ের বাবুল একাডেমী পল্লীমা সংসদ হাইস্কুলে। সেখানে হুইল চেয়ার চলার উপযোগী র‌্যাম্প (প্রতিবন্ধী সহায়ক ঢালু সিঁড়ি) নেই। তবে বুথটি নিচতলায় থাকলেও ভোট দিতে পারতেন  লিয়াকত।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) এ ধরনের মানুষকে নিয়ে ২০১৩ সালের অক্টোবর মাসে ১৫ জেলায় একটি জরিপ চালায়। এতে অংশগ্রহণকারীরা ২০০৮ সালের সংসদ নির্বাচন ও পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ভোট দেন। ‘দেশের ভোটকেন্দ্রে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের অধিকার’ শীর্ষক ওই জরিপে দেখা গেছে, ওই নির্বাচনগুলোতে এ ধরনের ভোটারদের মধ্যে প্রায় ৮১ শতাংশই কেন্দ্রগুলোতে সহায়ক র‌্যাম্প পাননি। মাগুরা, কুষ্টিয়া ও সিরাজগঞ্জ জেলায় কোনো ভোটকেন্দ্রেই   র‌্যাম্প ছিল না। এ কারণে ২৬ শতাংশ প্রতিবন্ধী ভোটই দিতে পারেননি। কেন্দ্র ভবনের নিচের তলায় না     থাকায় ভোট দিতে পারেন নি প্রায় ১৭ শতাংশ     ভোটার।

এডিডির বাংলাদেশ পরিচালক মোশাররফ হোসেন জানান, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ ছিলেন শারীরিক প্রতিবন্ধী, ২৪ শতাংশ দৃষ্টিপ্রতিবন্ধী এবং বাকিরা বাক্, মানসিক এবং অন্যান্য ধরনের প্রতিবন্ধকতার শিকার। খানা আয়-ব্যয় জরিপ-২০১০ অনুসারে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ৯ শতাংশ।

জরিপে ৫১ শতাংশ বলেছেন, ভোটের দিন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহায়তা পেয়েছেন। ৪৫ শতাংশ বলেছেন, কোনো ধরনের সুবিধা পাননি। মাত্র প্রায় ৭ শতাংশ জানান, প্রতিবন্ধীদের জন্য আলাদা সারি ছিল। 

নির্বাচনী কাজে যুক্তদের মধ্যে ৫১ শতাংশেরও বেশি বলেছেন, প্রশিক্ষণের সময় বিশেষ কোনো নির্দেশনা পাননি। তবে ৪৯ শতাংশ নির্দেশনা পাওয়ার কথা বলেছেন।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের মাত্র এক দিনের প্রশিক্ষণ হয়। প্রতিবন্ধীদের সহায়তা করার বিষয়ে তাঁদের ওপর নির্দেশনাও থাকে। হয়তো অনেকে খেয়াল করেন না।’

কমিশনার আবু হাফিজ জানান, নিচতলায় বুথ রাখার কথা ভাবা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাম্প করে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে কমিশনের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

জরিপে আরও দেখা যায়, প্রতিবন্ধী ভোটারদের প্রতি সাধারণ ভোটারদের প্রায় ৩৮ শতাংশই অসহযোগিতামূলক আচরণ করেছেন। এ ছাড়া ভোট না দেওয়া প্রতিবন্ধীদের ৩৮ শতাংশ কারণ হিসেবে পরিবারের সহযোগিতা ও অনাগ্রহের কথা বলেছেন।

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ বিশেষজ্ঞ মাহবুবুর রহমান ভুঁইয়া মনে করেন, ভোটার তালিকায় প্রতিবন্ধকতার কথা উল্লেখ থাকা দরকার। এতে কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

এ প্রসঙ্গে কমিশনার আবু হাফিজ বলেন, ‘এটি ইতিবাচক প্রস্তাব। আমরা মাথায় রাখব।’