প্রতিবন্ধীদের মাঝে সাংসদ নূরের হুইল চেয়ার বিতরণ
‘এত দিন মাটিত ধেদুরী বেড়াইছি, খুব কষ্ট কইরছি। এখন গাড়ি পাইছি। এলা পেটের ভাত মিলি খাবার পারমো।’ কথাগুলো বললেন নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ভুল্লাপাড়া গ্রামের মমিনা বেওয়া (৫০)। শুক্রবার সকালে নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত তহবিল থেকে বিতরণ করা হুইল চেয়ার হাতে পেয়ে মমিনা ওই কথাগুলো বলেন।আসাদুজ্জামান নূরের ফুড অফিস সড়কের বাসভবনে চেয়ার বিতরণ অনুষ্ঠানে শুক্রবার চারজন চলন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, মমতাজুল হক, রামেন্দ্রনাথ বর্ধন প্রমুখ।জেলা সদরের কানিয়াল খাতা গ্রামের গোপাল শীলের (৪০) স্ত্রী জয়ন্তি বালা জানান, তাঁর স্বামী জন্ম থেকে পঙ্গু। এত দিন স্বামীকে নিয়ে তাঁর ভীষণ কষ্ট হতো, এখন হুইল চেয়ার পাওয়ায় তাঁদের সে কষ্টের অবসান হয়েছে।সাংসদ নূর বলেন, মানবিক কারণেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।