শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্যমাত্রা অর্জন করি’।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলো এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের মূল বক্তব্য ছিল, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করা সম্ভব। সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। বিস্তারিত জানিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা:
মানিকগঞ্জে ব্লুমস বিদ্যালয়ে গতকাল ৪২ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম। বেলা ১১টায় বিদ্যালয়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ৪২ জন প্রতিবন্ধী শিশুকে সোয়েটার দেওয়া হয়। প্রত্যেক শিশুকে একটি করে টিফিন বক্সও দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি আর শওকত, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসচিব ও নিহত রবিউলের ছোট ভাই শামসুজ্জামান শামস প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজীপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম আলম। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শংকর শরণ সাহা। বক্তব্য দেন সিভিল সার্জন আলী হায়দার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইফতেখার আহমেদ চৌধুরী, ইউএনও আশরাফ উদ্দিন প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে প্রতিবন্ধীদের অবহেলা করার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেন প্রতিবন্ধীরা। অবস্থান কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ লিটন বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন সময়ে সরকারের দেওয়া সামগ্রী থেকে বঞ্চিত হয়। বিগত সময়ে প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রায় প্রতিবন্ধীদের সামনে রাখা হতো। কিন্তু এ বছরের দৃশ্যটা ছিল ভিন্ন।
মুন্সিগঞ্জ জেলা শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ফজলে আজিম। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রেহেনা পারভিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আবুল বাশার, সদর পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, ব্র্যাকের জেলা প্রতিনিধি তানবীরুল ইসলাম প্রমুখ।