প্রতিবন্ধীদের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতনের শিকার প্রতিবন্ধী ব্যক্তিদের দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনতে হবে। প্রতিবন্ধীদের চাহিদা বিবেচনায় বিদ্যমান আইনি কাঠামোতেও বিশেষ সুযোগ সৃষ্টি করতে হবে।গতকাল সোমবার জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও ডিজঅ্যাবিলিটি রাইট্স্ ওয়াচ গ্রুপ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এই দাবি জানিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার লঙ্ঘনের শিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিচার প্রাপ্তির দাবিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন এবং ধর্ষণের পর হত্যা করা প্রতিবন্ধী নারীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কথা বলতে গিয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। মামলা করলেও থানা ও পুলিশের সহায়তার অভাব, আইনি দীর্ঘসূত্রতা এবং প্রভাবশালীদের চাপে পরিবারগুলোর দুরবস্থার চিত্র তুলে ধরেন তাঁরা। মামলা করায় আসামিদের হুমকিতে ভীত একটি পরিবারের সদস্যদের রাতের বেলা ঘরের ভেতরেই প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করতে হয় বলেও তাঁরা উল্লেখ করলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্যাতনের শিকার মোট পাঁচটি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। বক্তব্যটি পড়ে শোনান জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল ইসলাম।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার শ্রবণ ও বাকপ্রতিবন্ধী কমলা রানী মল্লিকের সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। এতে কমলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২০০৯ সালে বাড়ির পাশে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় কমলার পরিবার মামলা করে। মামলাটি এখন আদালতে ওঠার অপেক্ষায়। মামলার আসামি শৈলেন জামিনে আছে এবং কমলার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।স্বল্পমাত্রায় বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী এক নারীকে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ২০০৮ সালে নির্যাতিতার পরিবার মামলা করলেও এর কোনো অগ্রগতি হয়নি।ওয়াচ গ্রুপের আহ্বায়ক কবি কাজী রোজী বলেন, এ ক্ষেত্রে রাষ্ট্র ও সরকারকেই সবার আগে এগিয়ে আসতে হবে।মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার নজরানা ইয়াসমিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজী রোজীর লড়াই নামের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা।