প্রতিবন্ধীদের মূল ধারায় নিয়ে আসার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আইসিআরসি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আইসিআরসি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বৈষম্যমুক্ত সমাজ গড়তে তাদের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘আমি শিক্ষক ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে অনুরোধ করছি, যদি কারও ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হয় তবে তাঁকে অবহেলা করবেন না।’

আজ বুধবার সকালে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আইসিআরসি টুয়েন্টি-২০ ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগসুবিধার ব্যবস্থা, সুপ্ত প্রতিভা ও গুণাবলির বিকাশ সাধন। প্রতিবন্ধীদের জন্য সুযোগসুবিধার ব্যবস্থা করা হলে তারাও মেধা ও নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের সম্পদ হয়ে উঠতে পারে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় আনতে হবে। কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী হলে তাকে সমাজ ও পরিবারের বাইরে রাখা সঠিক নয়। তিনি বলেন, ‘আমাদের শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে-মেয়েরা প্রমাণ করেছে যে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এবং দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনতে পারে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশের হেড অব ডেলিগেশন ক্রিস্টিন চিপোল্লা অনুষ্ঠানে বক্তৃতা করেন। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়ও উপস্থিত ছিলেন।