তৃণমূলের প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। এ জন্য প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদের বিভিন্ন ধারা-উপধারার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক কর্মশালার আয়োজন করা জরুরি। বেসরকারি সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় গতকাল বৃহস্পতিবার বক্তারা এ কথা বলেন। সাভারের ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় সাভার ও ধামরাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ঢাকার প্রতিবন্ধী হকার্স উন্নয়ন সোসাইটি এবং সাভার ও ধামরাই উপজেলার ২৮টি ইউনিয়নের ২৮ জন প্রতিবন্ধী এতে অংশ নিয়েছেন।কর্মশালায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা সভাপতিত্ব করেন। সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন আয়োজক সংস্থার পরিচালক রিসোর্স মবিলাইজেশন মহুয়া পাল, অ্যাডভোকেসি অফিসার শাহীনুর ইসলাম ও প্রশিক্ষক এস এম সাইফুর রহমান। বিজ্ঞপ্তি।