শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্যমাত্রা অর্জন করি’।
ফরিদপুর, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের মূল বক্তব্য ছিল, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করা সম্ভব। সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে।
ফরিদপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান।
সাতক্ষীরার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশিস সরদার। জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রধান অতিথির বক্তব্য দেন।
কুষ্টিয়ায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহির রায়হান। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভীন।