প্রতিবন্ধীদের সরকারি প্রতিষ্ঠানে আরও সম্পৃক্ত করার আহ্বান
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের আরও সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তথ্য কমিশনার সাদেকা হালিম। তিনি প্রতিবন্ধীদের উন্নয়নে আমলা ও সুশীল সমাজের সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরিরও আহ্বান জানান৷
রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে বেসরকারি সংস্থা (এনজিও) সাইটসেভার্স বাংলাদেশ আয়োজিত কর্মশালায় সাদেকা হালিম এ আহ্বান জানান। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘বাধামুক্ত একীভূত সমাজ, অধিকারবিষয়ক কর্মশালা ও প্রচারাভিযান’ শীর্ষক ওই কর্মশালায় তিনি বলেন, প্রতিবন্ধীদের নিরাপত্তা নিশ্চিত না করে রাষ্ট্র সাংবিধানিক ধারা লঙ্ঘন করছে। জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসন আছে৷ কিন্তু প্রতিবন্ধীদের জন্য কোনো সংরক্ষিত আসন নেই কেন?
কর্মশালায় অন্য বক্তারা বলেন, প্রতিবন্ধীদের অধিকার আইন হয়েছে, কিন্তু বিধি না হওয়ার কারণে এ আইন ব্যবহার করা যাচ্ছে না। তাই দ্রুত এ আইনের বিধি প্রণয়ন করতে হবে৷ বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারিভাবে ব্রেইলের পাঠ্যপুস্তক পাওয়া নিশ্চিত করা, তাঁদের কল্যাণে বিভিন্ন প্রকল্প সমন্বয় করা, প্রতিবন্ধীদের চলাচলের সুবিধা উন্নয়ন করার ওপর গুরুত্ব দেন৷ তাঁরা প্রতিবন্ধীদের নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও এগিয়ে আসার আহ্বান জানান৷
কর্মশালায় সূচনা বক্তব্য দেন সাইটসেভার্সের এ-দেশীয় পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া৷ মূল প্রবন্ধ পড়েন প্রতিষ্ঠানটির পরামর্শক ও যোগাযোগ সমন্বয়ক আলীম বারী। আলোচনায় অংশ নেন সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি মোশারফ হোসেন মজুমদার, ট্রাস্টি ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান মনসুর আহমেদ চৌধুরী প্রমুখ৷