প্রতিবন্ধীদের সর্বজনীন প্রবেশগম্যতার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর
দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ‘সর্বজনীন প্রবেশগম্যতা’র (Universal Accessibility) দাবিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সিস্টেম চেঞ্জ অ্যাডভোকেসির (বি-স্ক্যান) সহযোগিতায় চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েট ডিএস) চুয়েট গোলচত্বরে এসব কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস।প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট মহলকে উদ্যোগী করতে গত ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চুয়েট ক্যাম্পাসে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়।শিক্ষাঙ্গনসহ কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের সর্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের মধ্যে সচেতনতা সৃষ্টিই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি এটি ভিন্নভাবে সক্ষম মানুষদের (প্রতিবন্ধী) মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করতে জনগণ ও সুশীল সমাজকে উদ্বুদ্ধ করবে বলেও আয়োজকেরা উল্লেখ করেন।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েট ডিবেটিং সোসাইটির প্রধান সমন্বয়ক আহসান উল্লাহ, বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা ও চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।