প্রতিবন্ধীদের সুরক্ষায় বিল পাস
প্রতিবন্ধী ব্যক্তিকে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করলে শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান রেখে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল, ২০১৩’ গতকাল বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিলটি উত্থাপন করেন।
বিলের ওপর দেওয়া সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।
প্রস্তাবিত আইনে প্রতিবন্ধিতার ধরন হিসেবে মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, শারীরিক প্রতিবন্ধিতা, অটিজম, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাকপ্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শ্রবণ-প্রতিবন্ধিতা ও বহুমাত্রিক প্রতিবন্ধিতাসহ অন্যান্য প্রতিবন্ধিতাকে উল্লেখ করা হয়েছে। আইনের উদ্দেশ্য পূরণের জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষাসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি থাকবে। সমাজকল্যাণমন্ত্রী কমিটির সভাপতি হবেন।
বিলে বলা হয়েছে, গণপরিবহনে মোট আসনের ৫ শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে প্রতিবন্ধিতার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীর ভর্তির আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। কোনো ব্যক্তি প্রতিবন্ধিতার কারণে কোনো প্রতিবন্ধী ব্যক্তির আইনের আশ্রয় লাভে বাধা দিলে, প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলে, কোনো প্রতিবন্ধী ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলে এবং প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান আছে। আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিবন্ধিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাযোগ্য অপরাধে দণ্ডিত হবেন।