প্রতিবন্ধীদের সুরক্ষায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান l ছবি: বাসস

দেশের বিপুলসংখ্যক প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষায় সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিবন্ধী হয়ে জন্মলাভ করা কোনো ব্যক্তি বা তার বাবা-মায়ের অপরাধ নয়। তাই প্রত্যেকেরই উচিত তাদের অধিকার রক্ষা করে সমাজে স্থান করে দেওয়া। খবর বাসসের।
গতকাল বৃহস্পতিবার ২৪তম আন্তর্জাতিক ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় প্রতিবন্ধীদের সুরক্ষায় এগিয়ে আসার ওই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। একসময় তাদের ব্যাপারে গুরুতর কুসংস্কার ছিল। এখন সেই পরিস্থিতি বদলেছে।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উপেক্ষা করা উচিত নয়; বরং আমাদের উচিত তাদের অধিকার ও কল্যাণের বিষয়ে সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া। একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিবন্ধীসহ প্রতিটি মানুষকেই তাদের অধিকার নিয়ে বাঁচতে হবে।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা বিকাশে সুযোগ সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ী, করপোরেট সেক্টর ও বেসরকারি সংস্থাগুলো সরকারের প্রয়াসে সহায়তা করতে পারে।
প্রতিবন্ধীদের সংখ্যা মোটেও কম নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক মানুষের কল্যাণের কথা বিবেচনা করে দিবসটি পালনে জাতিসংঘের আয়োজনের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ যথাযথভাবেই এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্য) কর্মসূচিতে প্রতিবন্ধীদের বিষয় অন্তর্ভুক্ত করেছে, যাতে আগামী ১৫ বছরের জন্য গৃহীত বিশেষ উন্নয়ন কর্মসূচি থেকে কেউ বাদ না পড়ে। বাংলাদেশ এ ব্যাপারে যত্নশীল।
প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার জাতীয় কর্মকাণ্ডের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করে তাদের সহজাত মেধা ও মননের বিকাশ ঘটাতে চায় এবং এ লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের জন্য ডেটাবেজ তৈরি হচ্ছে এবং একজন নাগরিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পরিচয়পত্রও দেওয়া হচ্ছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি তাদের সহায়তার জন্য একটি ট্রাস্টও গঠিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সারা দেশে প্রায় ছয় লাখ প্রতিবন্ধী ব্যক্তির ভাতা বৃদ্ধিরও ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবার জন্য ইতিমধ্যে ১০৩টি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২০টি মোবাইল ভ্যান কেনা হয়েছে। শিগগিরই আরও ১৪টি ভ্যান যুক্ত হবে। ক্রীড়াঙ্গনে প্রতিবন্ধী ব্যক্তিদের সাফল্যের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের জন্য সংসদ ভবন চত্বরে একটি ক্রীড়া প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সজ্জিত ‘মোবাইল থেরাপি ভ্যান’-এর উদ্বোধন করেন। এ ছাড়া তিনি প্রতিবন্ধী শিশুদের শিল্পকর্ম প্রদর্শনের স্থান ঘুরে দেখেন এবং কিছু শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয়পত্র দেন। পরে প্রতিবন্ধী শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন এতে সভাপতিত্ব করেন।