প্রতিবন্ধীদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর প্রতিবন্ধীদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। আজ শনিবার প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সিডিডি এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। আয়োজনে সহায়তা করে জাতিসংঘের অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন (ইউএন-আইএসডিআর)। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন অটিজমের চেয়ারপারসন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক এক্সপার্ট অ্যাডভাইজরি প্যানেলের সদস্য সায়মা হোসেন, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, কারও যদি তিন সন্তানের মধ্যে একজন প্রতিবন্ধী হয়, দাওয়াতে গেলে বাবা-মা দুজনকে নিয়ে যান। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে যান না। প্রতিবন্ধী সন্তান শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তিনি বলেন, কোথাও গেলে প্রতিবন্ধী সন্তানকেও যদি নিয়ে যাওয়া হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সায়মা হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের তৈরি বিভিন্ন দুর্যোগও ঘটছে। এ ধরনের পরিস্থিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন বলেন, আগে থেকে প্রস্তুতি বা পরিকল্পনা না থাকলে দুর্যোগের সময় প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের যে অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ থাকতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের ভয়েস বা কণ্ঠস্বরও জোরালো করতে হবে।
মেহের আফরোজ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুদের অবস্থা বেশি শোচনীয় হয়।
উদ্বোধনী পর্বের সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, বিভিন্ন ধরনের দুর্যোগ মানুষকে প্রতিবন্ধী করে। আবার দুর্যোগের সময় প্রতিবন্ধী মানুষেরা সবচেয়ে অবহেলিত থাকে। দুর্যোগের ক্ষতি কমাতে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়াতে হবে।
এ পর্বে বিদেশি অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট স্কুল ফর গ্লোবাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের সহকারী অধ্যাপক ভেলেরি লিন কার এবং ইউএন-আইএসডিআরের প্রধান (অ্যাডভোকেসি অ্যান্ড আউটরিচ সেকশন) জেরি ভেলেসকুজ বক্তব্য দেন।