প্রতিবন্ধীদের 'সুরক্ষায়' সংসদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ব্যক্তিকে তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত করলে শাস্তি হিসেবে জেল-জরিমানার বিধান রেখে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল-২০১৩’ আজ বৃহস্পতিবার সংসদে পাস হয়েছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিলটি উত্থাপন  করেন।

বিলের ওপর দেওয়া সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। প্রস্তাবিত আইনে প্রতিবন্ধিতার ধরন হিসেবে মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, শারীরিক প্রতিবন্ধিতা, অটিজম, দৃষ্টিপ্রতিবন্ধিতা, বাকপ্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শ্রবণপ্রতিবন্ধিতা, শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, বহুমাত্রিক প্রতিবন্ধিতাসহ অন্যান্য প্রতিবন্ধিতাকে উল্লেখ করা হয়েছে। আইনের উদ্দেশ্য পূরণের জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষাসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি থাকবে। সমাজকল্যাণমন্ত্রী এই কমিটির সভাপতি হবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে থাকবে নির্বাহী কমিটি।

বিলে বলা হয়েছে, গণপরিবহনে মোট আসনের পাঁচ ভাগ প্রতিবন্ধী মানুষের জন্য সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে প্রতিবন্ধিতার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীর ভর্তির আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। প্রতিবন্ধী ব্যক্তির আইনের আশ্রয় লাভে বাধা দিলে, তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলে, তার সম্পদ আত্মসাত্ করলে এবং প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধীদের সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান আছে।

বিলে আরও বলা হয়, কোনো ব্যক্তি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিবন্ধিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাযোগ্য অপরাধে দণ্ডিত হবেন।