প্রতিবন্ধীবান্ধব গতিরোধক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা থেকে অপেক্ষাকৃত উঁচু ও চওড়া পেডেস্ট্রিয়ান ক্রসিং। শারীরিক প্রতিবন্ধীবান্ধব আধুনিক এমন গতিরোধক বানানো হচ্ছে খুলনায়। ছবিটি গতকাল নগরের বয়রার পিএমজির সামনে থেকে তোলা l প্রথম আলো
রাস্তা থেকে অপেক্ষাকৃত উঁচু ও চওড়া পেডেস্ট্রিয়ান ক্রসিং। শারীরিক প্রতিবন্ধীবান্ধব আধুনিক এমন গতিরোধক বানানো হচ্ছে খুলনায়। ছবিটি গতকাল নগরের বয়রার পিএমজির সামনে থেকে তোলা l প্রথম আলো

খুলনা শহরের ২৩টি স্থানে নির্মাণ করা হচ্ছে ‘পেডেস্ট্রিয়ান ক্রসিং’। শারীরিক প্রতিবন্ধীবান্ধব এই ক্রসিং দেশে প্রথম বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এই পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের বৈশিষ্ট্য হলো—এর ওপর দিয়ে সাধারণ পথচারীদের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীরাও খুব সহজে রাস্তা পার হতে পারবেন। রাস্তা থেকে অপেক্ষাকৃত উঁচু ও চওড়া এই পেডেস্ট্রিয়ান ক্রসিংয়ের দুই মাথা রাস্তার দুই পাশের ফুটপাতের সঙ্গে মিশে যাবে। গতিরোধকেরও (স্পিড হাম) কাজ করবে এগুলো।

যে ২৩টি স্থানে এই ক্রসিং নির্মাণ করা হচ্ছে সেগুলো হলো রূপসা স্ট্যান্ড মোড়, কলেজিয়েট স্কুল মোড়, সুন্দরবন কলেজ মোড়, টুটপাড়া কবরখানা মোড়, পিটিআই মোড়, রয়েল মোড়, পিকচার প্যালেস মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, আহসান আহমেদ রোড, মৌলভীপাড়া সড়ক, ইউসুফ সড়ক, বাবু খান সড়ক, তারের পুকুর মোড়, পঞ্চবীথি মোড়, ফারাজীপাড়া মোড়, ডাকবাংলা মোড়, পাওয়ার হাউস মোড়, পুরোনো ফেরিঘাট মোড়, শিববাড়ি মোড়, রামচন্দ্র দাস সড়ক, গগনবাবু সড়ক, জব্বার সরণি স্টেশন রোড ও বয়রা মহিলা কলেজ মোড়।

সিটি করপোরেশন সূত্র জানায়, তারা নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) মাধ্যমে জার্মানির কেএফডব্লিউ ব্যাংকের অনুদানের টাকায় এগুলো বাস্তবায়ন করছে। ২৩ মোড়ের উন্নয়নকাজের জন্য ‌‘নিরাপদ সড়ক ব্যবস্থা প্রকল্পের’ আওতায় ৮০ লাখ টাকার দরপত্রের মাধ্যমে এ কাজ চলছে।

নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ারুল ইসলাম বলেন, জার্মান প্রযুক্তিতে এগুলো তৈরি হচ্ছে। এগুলো মূল রাস্তা হতে ৯ ইঞ্চি থেকে ১ ফুট উঁচু এবং ৯ দশমিক ৮৪ ফুট চওড়া হবে। এগুলোর ওপর ইউনিব্লক বসানো হবে। দুই পাশে ১: ১০ অনুপাতেস্লোব নেমে যাবে।

সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার বলেন, প্রতিবন্ধী পথচারীদের জন্য দেশে এ ধরনের ব্যবস্থা এটাই প্রথম। শারীরিক প্রতিবন্ধীরা হুইলচেয়ারে করে খুব সহজেই এর ওপর দিয়ে রাস্তা পার হতে পারবেন। এর ওপর দিয়ে যাওয়ার সময় মসৃণভাবে গাড়ির গতিও কমবে। এটি সাধারণ গতিরোধকের চেয়ে অনেক কার্যকর।

প্রকল্প পরিচালক ও নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন জানান, গত মাস থেকে শুরু হওয়া এ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।