প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৪-১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তারা
গোলটেবিল বৈঠকে বক্তারা

গত ১৫ মে ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৪-১৫’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
 প্রতিবন্ধী উদ্যোক্তা উন্নয়ন তহবিল গঠন করতে হবে
 বাজেটের একটা ন্যূনতম অংশ যেন ব্রেল বইয়ের জন্য বরাদ্দ থাকে
 প্রতিবন্ধীদের চাকরির কোটাপদ্ধতি বাস্তবায়ন করতে হবে
 ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’, বাজেটে কার্যকর হতে হবে।
 মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দসহ বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে
আলোচনা
আব্দুল কাইয়ুম: প্রতিবন্ধীদের বিষয়ে আগের চেয়ে মানুষ বেশি সচেতন হয়েছে। এখন সহায়তার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। পাঠ্যবইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। আলোচনায় এসব বিষয় আসবে। শুরুতে আলোচনার সূচনা করবেন মসিউর রহমান।

মসিউর রহমান: সরকার প্রতিবন্ধীদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করেছে। বাংলাদেশ টেলিভিশনে সাইন ল্যাঙ্গুয়েজে খবর প্রচার করা হয়। বেসরকারি টেলিভিশনের উচিত এ উদ্যোগ গ্রহণ করা। প্রতিবন্ধীদের জন্য ব্যক্তি খাতকেও এগিয়ে আসতে হবে। সরকারের একটি উদ্যোগ ছিল, সব পাকা দালানে র‌্যাম্প করা। সবকিছু সরকারি ব্যয়ে বা আইন করে করতে হবে, এটা ঠিক নয়। গণমাধ্যম, সাধারণ মানুষ—সবাইকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিবন্ধী মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে।

সি এম তোফায়েল সামি: প্রতিবন্ধীদের নিয়োগের ক্ষেত্রে সরকারের কোটাপদ্ধতি রয়েছে। এটা বাস্তাবয়ন হচ্ছে না। গত বছর ১০০ কোটি টাকার নারী উদ্যোক্তা উন্নয়ন তহবিল ছিল। প্রতিবন্ধীদের মধ্য থেকে উদ্যোক্তা তৈরির জন্য বাজেটে একটি বিশেষ তহবিল গঠনের সুপারিশ করছি। অর্থ উপদেষ্টাকে অনুরোধ করব, তিনি যেন প্রতিবন্ধীদের বাজেট বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

আলবার্ট মোল্লা: প্রতিবছর জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারায় আনতে প্রতিটি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমে অন্তর্ভুক্তকরণ এবং একই সঙ্গে মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দসহ বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে। এ বিষয়ে অসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ২৪টি সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। এর মধ্যে অন্যমত হলো, প্রতিবন্ধী শিক্ষার্থীর উপবৃত্তির সংখ্যা বাড়ানো। ভূমিহীন প্রতিবন্ধীদের খাসজমি বরাদ্দ।

তাহমিনা আকতার: ময়মনসিংহে ১৩ জন প্রতিবন্ধী নারীকে নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন ১২০ জন হয়েছে। প্রশিক্ষণ পেলে প্রতিবন্ধী নারীরা যে সফল হতে পারে, এটা তার প্রমাণ। সংসারে এদের মানুষ মনে করা হয় না। যখন তারা কিছু আয় করে, তখন তাদের কিছুুটা সম্মান বাড়ে। সরকার যাদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমাদের ও সমাজের উন্নয়ন হবে।

সাইদুল হক: ৪০০ সংগঠন নিয়ে জাতীয় প্রতিবন্ধী ফোরাম হয়েছে। গত বছর ২৭ কোটি বই দেওয়া হয়েছে। অথচ আমাদের জন্য ব্রেল বই করা হয়নি। অনুরোধ করব, বাজেটের একটা ন্যূনতম অংশ যেন ব্রেল বইয়ের জন্য বরাদ্দ থাকে। ২০১৩ সালের ৩ অক্টোবর প্রতিবন্ধীদের অধিকর ও সুরক্ষা আইন হয়েছে। এ আইনটি বাজেটে কার্যকর হয়।

দিলারা সাত্তার: বহুমাত্রিক, বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধীদের শিক্ষাপদ্ধতি কারিকুলামে ঢোকাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এমন বাজেট থাকা দরকার, যাতে বুদ্ধি, বহুমাত্রিক ও অটিজম প্রতিবন্ধীদের শিক্ষাপদ্ধতির কারিকুলাম যেন সব শ্রেণির জন্য তৈরি করা হয়। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এদের সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

মনসুর আহমেদ চৌধূরী: অর্থমন্ত্রী বলেছেন, ‘তিনি প্রতিবন্ধীদের জন্য অর্থ বরাদ্দ করেন। তাদের কল্যাণ চান। কিন্তু প্রশাসনে যাঁরা আছেন, তাঁরা কতটুকু সচেতন?’ সব কাজে বাধা হচ্ছে রুলস অব বিজনেস (সরকারের কার্যবিধি)। প্রতিবন্ধীদের উন্নয়ন করতে হলে এর পরিবর্তন করতেই হবে। প্রতিবন্ধীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।

ওসমান খালেদ: আমি সাইন ল্যাঙ্গুয়েজ সোসাইটির সভাপতি। বাংলাদেশে ইশারা ভাষার ৩০টি স্কুল আছে। কিন্তু শিক্ষকেরা ইশারা ভাষায় তেমন পারদর্শী নন। বাজেটে যেন ইশারা ভাষা প্রসারের জন্য বরাদ্দ থাকে। বাজেটে প্রতিবন্ধীদের ভাতা বাড়লে তারা স্কুলে যাবে। ভাষা না বোঝার জন্য প্রতিবন্ধীরা হাসপাতালে সঠিক সেবা নিতে পারে না। এ জন্য প্রতিটি হাসপাতালে প্রতিবন্ধী ইউনিট চালু করা প্রয়োজন।

ফারাহ কবির: ২০০৭ সলে ২ এপ্রিল মাত্র কয়েকজনকে নিয়ে শুরু করা অটিজম দিবস আজকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কাজ করেছি। বিটিবিতে এটি ব্যবহারের চেষ্টা করেছি এবং বিটিবি সেটা করছে। প্রাইভেট চ্যানেলগুলোকে অনুমোদন দেওয়ার আগে শর্তজুড়ে দেওয়া যে তারা অবশ্যই সাইন ল্যাঙ্গুয়েজ প্রচার করবে । তারা যেন প্রান্তিক মানুুষদের নিয়ে বেশি কাজ করে। বাজেট বাড়া-কমার চেয়ে বড় কথা হলো বাজেটের সমন্বয় করা।

এম নূরননবী: জাতীয় ও আন্তর্জাতিকভাবে ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। সে হিসাবে এক কোটি ৬০ লাখ মানুষ প্রতিবন্ধী। ২০২১ সালে একটি মধ্যম আয়ের একীভূত সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য আছে। এক কোটি ৬০ লাখ মানুষের উন্নয়ন না করে কখনো একটি স্বাবলম্বী মধ্যম আয়ের দেশ কল্পনা করতে পারি না। পরিবার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ‘বাঁধ ভাঙো দুয়ার খোলো, একীভূত সমাজ গড়ো’। এ স্লোগান দিতে হবে। প্রতিবন্ধীসহ সবাইকে নিয়েই একীভূত সমাজ গড়তে হবে।

জহুরুল আলম খন্দকার: যা-ই বলি না কেন, শেষ পর্যন্ত আমরা প্রতিবন্ধী। এটা স্বীকার করতে কোনো সংকোচ নেই। জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সনদেও আমাদের প্রতিবন্ধী বলা হয়েছে। এখন আমাদের সমাজের অধিকার সুযোগ-সুবিধাগুলো দিতে হবে। শিক্ষামন্ত্রী, যোগাযোগমন্ত্রী, আইসিটি মন্ত্রী মনে করে না আমাদের শিক্ষা, যোগাযোগপ্রযুক্তির প্রয়োজন আছে। তাঁঁরা যদি সরকারের কাছে বাজেট না চান, তা হলে আমাদের জন্য টাকা কীভাবে আসবে? এখন রুলস অব বিজনেস ঠিক করে দিতে হবে। তা না হলে আমাদের কোনো অগ্রগতি হবে না।

ভাস্কর ভট্টাচার্য: আমরা তৃণমূল পার্যয়ে কাজ করি। ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত যাতে প্রতিবন্ধীদের বাজেট থাকে, সে জন্য কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিবন্ধী মানুষদের জন্য ডিজিটাল সুযোগ সৃষ্টি করতে পারে। আমাদের জন্য একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়েবসাইটের গাইডলাইন করা হয়েছে। কিন্তু সেটার অনুমোদন পাওয়া যাচ্ছে না। ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব বইকে ডিজিটালাইজড করা হয়েছে। এর ব্যয় মাত্র ১০ লাখ টাকা। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ডিজিটালাইজড করতে ব্যয় হবে ২৫ লাখ টাকা। বাজেটে এ ক্ষেত্রে বরাদ্দ চাই।

মহুয়া পাল: গণমাধ্যমের যথেষ্ট দায়িত্ব রয়েছে। সমাজে প্রতিবন্ধীরা অনেক সাফল্য অর্জন করছে। এ সাফল্যগুলো মানুষের মধ্যে তুলে ধরতে হবে। ভাস্করের মতো মানুষদের কথা সবাইকে জানাতে হবে। শামীমা নমের একটি মেয়ে প্রায় নয় বছর স্কুলের বাথরুমে যেতে পারেনি। কারণ, বাথরুমটি তার যাওয়ার উপযোগী নয়। এখন তার বয়স ১৩-১৪ বছর হওয়ায় সমস্যা আরও বেশি হয়েছে। গণমাধ্যমকে বলব, প্রতিদিনই আপনারা তাদের সমস্যার কথা কিছু কিছু লেখেন।

জুলিয়ান ফ্রান্সিস: ১৯৭১ সাল থেকে এ দেশে আছি। আমার মনে হয়েছে, প্রতিবন্ধীদের জন্য অনেক কিছু করতে হবে। আমার বড় ভাই এবং বড় ছেলে দুজনই প্রতিবন্ধী। তথাকথিত উন্নয়নশীল দেশেও প্রতিবন্ধীদের বোঝা মনে করা হচ্ছে। প্রতিবন্ধীদের উন্নয়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। সমাজে এরা অবদান রাখছে। প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিতে হবে। সবাইকে একীভূত শিক্ষার আওতায় আনতে হলে এখানে বিনিয়োগ বাড়াতে হবে।

তাসমিমা হোসেন: আমার একটি স্কুল ছিল। এখানে অন্যদের সঙ্গে ১৪টি অটিস্টিক শিশু পড়াশোনা করত। যে কেউ যেকোনো সময় প্রতিবন্ধী হতে পারে। এদের করুণা করা হয়। আমরা ভুলে যাই এরা যে মানুষ। সরকার যেন আইন করে প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের চাকরি দেন। অফিসে সহজে করা যায়, এমন কাজে তাদের নিয়োগ করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়ের কাজের সঙ্গে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করলে আলাদা বাজেটের প্রয়োজন হবে না।

শহিদুল হক: আমার কাছে মনে হয়েছে, আমাদের উন্নয়নে বাধা হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। কারও কাছে কিছু বলতে গেলেই বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় তোমাদের দেখবে। বিশেষ করে বিল্ডিং ডিজাইনসহ যেকোনো কাজ করার আগে আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বাজেটে ভাতা ও সেবা খাতে বরাদ্দ আছে। কিন্তু এর মাঝখানে শিক্ষাসহ অন্য বিষয়গুলো উপেক্ষা করা হয়েছে। আমাদের উন্নয়নের জন্য সবকিছুকে বিবেচনায় নিতে হবে।

সি এম শফি সামি: বর্তমান বরাদ্দ দিয়ে কল্যাণ করা যায়—যদি সুনির্দিষ্ট পদক্ষেপ থাকে, সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে, প্রশাসনিক

নিয়ন্ত্রণ থাকে। প্রতিবন্ধীরা অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়। এর জন্য কোনো বরাদ্দের প্রয়োজন হয় না। আন্তরিকতা থাকলে খুব অল্প খরচে প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় আনা যায়। রুলস অব বিজনেস প্রতিষ্ঠা করার জন্যও কোনো বরাদ্দের প্রয়োজন নেই। কোনো করুণা নয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ প্রত্যেকে মানবিকভাবে প্রতিবন্ধীদের বিষয়টি দেখতে হবে।

কাজী রোজী: আমাদের চলার পথ কখনোই সহজ ছিল না। আমাদের অধিকার আদায় করতে হয়েছে। প্রতিবন্ধীদের অধিকারও আদায় হচ্ছে এবং হবে। কারণ, এই সরকার প্রতিবন্ধীসহ কৃষক, শ্রমিক, গরিব মানুষের সরকার। আমাদের স্বপ্নভঙ্গ হলে চলবে না। স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে হবে। অর্থ উপদেষ্টা অনেক অভিজ্ঞ মানুষ, তিনি জানেন কীভাবে প্রতিবন্ধীদের কল্যাণ করা যায়। তিনি নিশ্চয়ই বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাববেন।

মির্জ্জা আজিজুল ইসলাম: প্রতিবন্ধীরা অর্থনীতির স্বাভাবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাদের দিকে একটা বিশেষ দৃষ্টি দেওয়ার প্রয়োজনীয়তা আছে। ২০০৯ সাল থেকে সামাজিক নিরাপত্তা খাতের বাজেট প্রতিবছর কমেছে। ২০১৩-১৪ সালে এটা সর্বনিম্ন পর্যয়ে নেমেছে। টাকার অঙ্ক কিছুটা বাড়লেও মুদ্রাস্ফীতির জন্য প্রকৃত মান অনেক কমে গেছে। এসব বিবেচনায় প্রতিবন্ধীদের জন্য ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ বরাদ্দ থাকা প্রয়োজন।

মসিউর রহমান: আলোচনায় অনেকগুলো বিষয় এসেছে। এর কিছু কাজ খুব সহজে করা যায়। কিছু করতে হয়তো অর্থের প্রয়োজন। কিছু কাজ সরকারের অবহেলায় হয়নি। পারিবারিকভাবে দরিদ্র। অর্থের অভাবে মেধার বিকাশ করতে পারছেন না। তাদের ক্ষেত্রে বেশি করে দৃষ্টি দিতে হবে। প্রতিবন্ধীদের আলাদা স্কুল, আলাদা কাজ তাদের আরও বেশি বিচ্ছিন্ন করবে। সবকিছু একসঙ্গে করতে হবে। তা হলে তাদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে।
সিএসআর কীভাবে গরিব মানুষের কাজে লাগে সেটা ভাবতে হবে। সামাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ বিভিন্নভাবে বিস্তৃত থাকে। তাদের কর্মপদ্ধতি ঠিক করার প্রয়োজন হতে পারে। আশির দশকে স্কুলে র‌্যাম্প করার নির্দেশ ছিল। এটি কেন বাস্তবায়িত হয়নি, সেটা খুঁজে দেখতে হবে। সরকারসহ সবাইকেই প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য কাজ করতে হবে।

আব্দুল কাইয়ুম: প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৪-১৫ বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
যাঁরা অংশ নিলেন
মসিউর রহমান : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
কাজী রোজী : সাংসদ, বাংলাদেশ জাতীয় সংসদ ও
কনভেনর-ডিজঅ্যাবিলিটি রাইটস ওয়াচ গ্রুপ
মির্জ্জা আজিজুল ইসলাম : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
সি এম শফি সামি : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
জুলিয়ান ফ্রান্সিস : উপদেষ্টা, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন
ফারাহ কবির : নির্বাহী পরিচালক, অ্যাকশনএইড বাংলাদেশ
তাসমিমা হোসেন : সম্পাদক, অনন্যা ও ইত্তেফাক
সি এম তোফায়েল সামি : চেয়ারপারসন, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন
মহুয়া পাল : ভাইস চেয়ারপারসন,
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন
আলবার্ট মোল্লা : নির্বাহী পরিচালক,
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন
সাইদুল হক : সভাপতি, এনএফওডব্লিউ
জহুরুল আলম খন্দকার : নির্বাহী পরিচালক, সিএসআইডি
মনসুর আহমেদ চৌধূরী : প্রতিবন্ধীবিষয়ক মানবাধিকারকর্মী
ওসমান খালেদ : চেয়ারম্যান, এসডিএসএল
ভাস্কর ভট্টাচার্য : প্রজেক্ট ম্যানেজার, ইপসা, চট্টগ্রাম
দিলারা সাত্তার : নির্বাহী পরিচালক, সিডট্রাস্ট
তাহমিনা আকতার : প্রতিবন্ধী নারী উদ্যোক্তা
এম নূরননবী : ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর, এডিডি
শহিদুল হক : চিফ এক্সিকিউটিভ, এসএআরপিভি
সঞ্চালক
আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো