প্রতিবন্ধীবান্ধব জাতীয় বাজেট ২০১৫-১৬

আলোচনা
আব্দুল কাইয়ুম: দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা দূর করতে তাদের দরকার বিশেষ সহযোগিতা। তাদের প্রতি রয়েছে আমাদের সবার সামাজিক দায়বদ্ধতা। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। সরকার প্রতিবছর প্রতিবন্ধীদের জন্য বাজেটে বরাদ্দ রাখে। কিন্তু প্রয়োজনের তুলনায় এ বাজেটের পরিমাণ যথেষ্ট নয়।
প্রতিবন্ধীদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত করতে হবে। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ দিতে হবে। তা না হলে তারা মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আজকের আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনা করবেন এম এ মান্নান।
এম এ মান্নান

আজকের আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম আলো ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন—যারা এ অনুষ্ঠানের আয়োজন করেছে, তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা জানেন, আমাদের সরকার এসব ক্ষেত্রে খুবই সংবেদনশীল। সরকারের বাজেট বরাদ্দও এসব ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে।
বাজেটের আলোচনায় প্রতিবন্ধী বিষয়টি নিয়ে কথা হয়েছে। এবারও তাদের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই সচেতন। তিনি নির্দেশ দিয়েছেন, এখন থকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি ভবন—সব জায়গায় র্যাম্পের ব্যবস্থা থাকবে। একটা বিষয় বলতে পারি, সরকারের চিন্তাচেতনা ও ভাবনায় এ বিষয়টি আছে। মানুষের মঙ্গলের সব ক্ষেত্রেই সরকার আন্তরিক। বাজেটে ঘাটতি থাকে। আমাদের মধ্যে এ ঘাটতি নিয়ে আলোচনা হয়। ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। কিন্তু আন্তরিকতা থাকে প্রতি খাতে সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দিতে। এ চেষ্টায় কোনো ত্রুটি থাকে না।
আপনারা জানেন, বাজেট বরাদ্দ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা হয়। কাকে কতটুকু বরাদ্দ দিলে সমস্যার সমাধান হবে, সে বিষয়ে ধারণা নিয়ে থাকি। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আমরা তাদের পাশে আছি, থাকব।
প্রতিবন্ধীদের জন্য পর্যাপ্ত বাজেট দরকার। অনেক সময় অর্থের সংকটের জন্য সেটা পারি না। তবে আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার।
আলবার্ট মোল্লা

প্রতিবছর প্রতিবন্ধীদের জন্য একটি গতানুগতিক বাজেট দেওয়া হয়। তবে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ইতিবাচক দিক। কিন্তু তা সত্ত্বেও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের বিষয়টি আজও সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যেই আটকে রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে দ্বিমুখী পদক্ষেপ হিসেবে সরকারের চলমান কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা এবং তাদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে।
প্রথমত, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কর্মসূচিতে যেমন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম, ক্ষুদ্রঋণ, মাতৃত্বকালীন ভাতা, নারী উদ্যোক্তা উন্নয়ন ইত্যাদি কার্যক্রমে প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। সরকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কারিগরি প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ভর্তিতে অগ্রাধিকার প্রদান করতে পারে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রতিটি সমিতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সদস্য করা যেতে পারে। দেশে সামাজিক নিরাপত্তার ১৪৫টি কর্মসূচি রয়েছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।
দ্বিতীয়ত, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রস্তাবের মধ্যে অন্যতম হলো বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে যে থোক বরাদ্দের ব্যবস্থা রাখা হয়, এর ন্যূনতম ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ রাখতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় গবেষণাকার্য পরিচালনার জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।
সিএসআরকে উৎসাহিত করার লক্ষ্যে এর বিদ্যমান সুবিধাকে আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনাকবলিত জনসাধারণের কল্যাণার্থে গঠিত এবং সরকার অনুমোদিত তহবিলে অনুদান দেওয়াকে সিএসআরের আওতাভুক্ত করা প্রয়োজন।
প্রতিবন্ধীদের উন্নয়নে সিএসআরের ক্ষেত্রে কর মওকুফের সুবিধা প্রদান, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান সৃষ্টিতে নিয়োগদাতাদের উৎসাহিত করতে কর রেয়াতের ব্যবস্থা করা এবং শিশু, বয়স্কসহ সব বয়সী হতদরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মাসে অন্তত দুই হাজার টাকা ভাতা প্রদান করা প্রয়োজন।
খন্দকার জহুরুল আলম

প্রতিবন্ধীদের উন্নয়নের প্রধান সমস্যা সমাজকল্যাণ মন্ত্রণালয়। প্রতিবন্ধীদের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়া অন্য কেউ কিছু করবে না, এমন একটি বিষয় হয়েছে। ১৯৬৪ সালের অ্যালোকেশন অব বিজনেেস শিক্ষা-স্বাস্থ্যসহ কিছু বিষয়ে প্রতিবন্ধীদের উন্নয়নের দায়িত্ব ছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের।
আজ ২০১৫ সাল, সেটা এখনো পরিবর্তন হয়নি। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এ ক্ষেত্রে ভীষণ আন্তরিক। তাদের সহযোগিতার, ইচ্ছের বিন্দুমাত্র ঘাটতি নেই। অর্থমন্ত্রী একবার প্রতিটি মন্ত্রণালয়কে প্রতিবন্ধীদের জন্য অর্থের চাহিদাপত্র দিতে বললেন। তিনি বললেন, ৫০০ কোটি টাকা লাগলেও সেটা দেওয়া হবে। কিন্তু একটি মন্ত্রণালয়ও প্রতিবন্ধীদের জন্য চাহিদাপত্র দেয়নি। শুধু শিক্ষা মন্ত্রণালয় ১৯ কোটি টাকা নিয়েছিল, তা-ও খরচ করতে পারেনি। আদৌ পারবে কি না, জানি না।
প্রতিবন্ধীদের জন্য সব মন্ত্রণালয় যে কাজ করতে পারে, এ ভাবনা সরকারের মধ্য থেকে আসছে না। কোথাও না কোথাও আমলাতান্ত্রিক জটিলতা আছে। প্রতিটি মন্ত্রণালয়কে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে হবে। আমার বাড়ির পাশের স্কুলটিতে প্রতিবন্ধীসহ সবাই একসঙ্গে পড়তে পারে, এমন পরিবেশ আমরা চাই।
বাংলাদেশে একটি গাড়ি নেই, যেখানে প্রতিবন্ধীদের ওঠার ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রী যোগাযোগমন্ত্রীকে বললেন ১০০টি বিআরটিসি গাড়ির মধ্যে যেন ১০টি প্রতিবন্ধীবান্ধব হয়। সে প্রক্রিয়াও থেমে গেল। সরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়োগ দেওয়া হচ্ছে না।
২০১৩ সালে জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন পাস হয়েছে। এ আইনে প্রতিটি মন্ত্রণালয়কে প্রতিবন্ধীদের জন্য বাজেট দেওয়ার কথা বলা আছে। কোনো মন্ত্রণালয় কোনো চাহিদাপত্র দেয়নি। তাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ রুলস অব বিজনেসের অজুহাতে কেউ কোনো কাজ করছে না।
কাজ না করার ইচ্ছেটাই এখানে বড় বাধা। রুলস অব বিজনেসকে পরিবর্তন করতে হবে। না হয় সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।
আশরাফুন্নাহার

প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রী—সবাই আমাদের ব্যাপারে সংবেদনশীল। তারপরও অগ্রগতি তেমন হচ্ছে না। কেন হচ্ছে না, সে বিষয়টি নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। আজ অর্থ প্রতিমন্ত্রী এখানে উপস্থিত আছেন। তিনি আমাদের অনেক সমস্যার কথা শুনবেন। আসছে বাজেটে এর প্রতিফলন হলে আমরা কৃতজ্ঞ থাকব।
প্রতিবন্ধীদের পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি আছে। তবে বিভিন্ন পরিসংখ্যান থেকে ধরে নেওয়া যায়, দেশে প্রতিবন্ধীর সংখ্যা ১৫ শতাংশ হবে। একজন প্রতিবন্ধীকে সহযোগিতা করতে আরও দু-তিনজন মানুষ কাজ করে। সে অর্থে একটা বিশাল সংখ্যার মানুষ প্রতিবন্ধীদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এত বড় জনগোষ্ঠীকে উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত না করে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না।
২০১৪-১৫ সালে যে বাজেট বরাদ্দ ছিল, তার ৯ দশমিক ৪ শতাংশ ছিল প্রতিবন্ধী মানুষদের যোগাযোগব্যবস্থার জন্য। সারা দেশে কি একটি যানবাহন আছে, যাতে প্রতিবন্ধীরা চড়তে পারে? বা যোগাযোগের অন্য কোনো কাজ করা হয়েছে? আমার জন্য দু-তিনজন মানুষকে কাজ করতে হয়। কিন্তু সরকার যদি আমাকে সুযোগ করে দিত তাহলে স্বাভাবিক মানুষের মতো আমার কাজ আমি করতে পারতাম।
সব মন্ত্রণালয় যাতে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে পারে, সে ব্যাপারে সরকারকেই জরুরি উদ্যোগ নিতে হবে। এখন স্কুলগুলোতে র্যাম্প হচ্ছে। কিন্তু এ র্যাম্পে রেলিং থাকছে না। র্যাম্পের মাথা ভাঙা থাকে, প্রতিবন্ধীরা এ র্যাম্প দিয়ে ওঠানামা করতে পারবে না। আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীবান্ধব টয়লেট নেই। সুপেয় পানি নেই। এসব বিষয়ে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
ভাস্কর ভট্টাচার্য্য

দেশটাকে ভেঙে গড়া সম্ভব নয়। কিন্তু ডিজিটাল বাংলাদেশ তো মাত্র গড়ে উঠছে। ‘ডিজিটাল বাংলাদেশ তখনই লাগবে বেশ, যদি থাকে প্রতিবন্ধী মানুষের অ্যাকসেস।’ ডিজিটাল প্রযুক্তির সঙ্গে এখনই সব সুযোগ-সুবিধা যুক্ত করতে হবে। তা না হলে আবার ভাঙতে হবে, গড়তে হবে। নিশ্চিত করে বলতে পারি, মাত্র ১০ কোটি টাকা ব্যয় করলে ২০০ ই-সার্ভিস এবং ২৪ হাজার ওয়েবসাইটকে প্রতিবন্ধী মানুষদের ব্যবহার উপযোগী করা সম্ভব। দান-দয়ার দিন শেষ। আমরা প্রতিবন্ধী মানুষেরাই গড়ব ডিজিটাল বাংলাদেশ।
এই মুহূর্তে মাত্র দুই কোটি টাকা ব্যয় করলে টেক্সট টু স্পিচ (পড়ার ব্যবস্থা) করা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধী মানুষেরা এর মাধ্যমে পড়তে ও বুঝতে পারবে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে একটা উচ্চ মানসম্পন্ন টেক্সট টু স্পিচ পাওয়া যাবে। ইতিমধ্যে আমরা একটি খোলা টেক্সট টু স্পিচ সোর্স তৈরি করেছি। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধীরা মিলে এটা করেছি। এর সাহায্যে পত্রিকা ও বাংলাদেশ সরকারের ওয়েবসাইটগুলো পড়তে পারি।
প্রধানমন্ত্রী আমাদের হাতে ব্রেইল বই তুলে দিয়েছিলেন। সেদিন চোখের পানি ধরে রাখতে পারিনি। কারণ, আমরা অনেক পুরোনো বই পড়তাম। কিন্তু সব শিশু বই পায়নি। মাত্র পাঁচ কোটি টাকা ব্যয় করলে সব দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর হাতে ব্রেইল বই পৌঁছে দেওয়া সম্ভব।
মাননীয় মন্ত্রী, জেনে খুশি হবেন, গত সপ্তাহে লন্ডন বুক ফেয়ার থেকে বাংলাদেশের জন্য একটা পুরস্কার এনেছি। বিশ্বের ২০০ দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ফ্রান্স, নেদারল্যান্ডস, ইতালি ও বাংলাদেশ চূড়ান্ত তালিকায় ছিল। এ চারটি দেশের মধ্য থেকে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
কেন বিজয়ী হয়েছে? আমরা তথ্যকে ইউনিকোড, অ্যাকসেসেবল ই-বুক, মাল্টিমিডিয়া, ডিজিটাল ব্রেইল—এই চার ভাগে ভাগ করেছি। প্রযুক্তি ও জ্ঞান আমাদের হাতে আছে। এখন এটাকে কাজে লাগাতে হবে। সৌদি আরবের বাদশার আমন্ত্রণে দুবার ওই দেশে গিয়েছি। সৌদি বাদশা সেন্টার অব এক্সেলেন্স করেছে। এ সেন্টার থেকে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়ে গবেষণা হবে। এখানে লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। বাংলাদেশে মাত্র পাঁচ কোটি টাকা ব্যয় করে এ রকম একটা সেন্টার অব এক্সেলেন্স করা যায়। সরকার এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাববে বলে আশা করি।
ফরিদা ইয়াসমিন

সরকারের বাজেট বরাদ্দগুলো প্রকল্পনির্ভর। প্রকল্পনির্ভর বরাদ্দ দিয়ে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। কারণ, প্রকল্প শেষ হলে বরাদ্দ শেষ হয়। কোনো ক্ষেত্রে টেকসই উন্নয়ন করতে হলে প্রকল্পনির্ভর বরাদ্দ থেকে বেরিয়ে আসতে হবে।
প্রকল্প সমস্যাটাকে খণ্ডিত করে দেখে। সরকারের প্রকল্পগুলো এমন যে মানুষ যদি প্রতিবন্ধী হয়, তাহলে তাকে ভাতা দিয়ে বাঁচিয়ে রাখা হবে। শুধু ভাতা দিয়ে বাঁচানোর ব্যবস্থা নিলে কোনো দিন প্রতিবন্ধীরা স্বাবলম্বী হবে না। নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে না। প্রতিবন্ধীদের যোগ্যতা, সক্ষমতা কখনো সামনে আসবে না।
সরকার সেফটি নেটের (নিরাপত্তাবেষ্টনী) কথা বলছে। কাদের নিরাপত্তাবেষ্টনী দরকার, কাদের স্বাবলম্বী করা দরকার—সেটা ঠিক করতে হবে। বাজেট বরাদ্দের জন্য যেকোনো ভিত্তি ধরে এগোতে হবে। কিন্তু প্রতিবন্ধীদের সংখ্যা কত, এরই কোনো সঠিক পরিসংখ্যান নেই। তাহলে কিসের ভিত্তিতে বাজেট বরাদ্দ হবে?
সাইক্লোন, বন্যাসহ বিভিন্ন দুর্যোগের (ডিজাস্টার) জন্য যেমন সরকারের বাজেট পরিকল্পনা আছে, তেমন কি প্রতিবন্ধীদের জন্য আছে? এটা কি ডিজাস্টার থেকে কম কোনো কিছু? আমরা ৪৫৭টি প্রতিবন্ধী স্কুলে জরিপ করেছি। এর মধ্যে দেখেছি, ৬৪ দশমিক ৭ শতাংশ শিশু স্কুলে ভর্তি হয়। ২ দশমিক ৬ শতাংশ প্রাথমিক শিক্ষা শেষ করে। ২ দশমিক ২ শতাংশ উচ্চমাধ্যমিকে ভর্তি হয়। ১ দশমিক ৪ শতাংশ উচ্চমাধ্যমিক শেষ করে।
আমি সরকারকে কর দিই। ভাতার জন্য কর দিতে চাই না। পরিবর্তন ও উন্নয়নের জন্য কর দিতে চাই। সরকার এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাববে বলে আশা করি।
জওয়াহেরুল ইসলাম মামুন

আমার বুদ্ধিপ্রতিবন্ধী একটি কন্যা আছে। তার বয়স এখন ৪০ বছর। এদের নিয়ে কত কষ্ট করতে হয় সেটা বুঝি। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিবছর বাজেট নিয়ে আলোচনা হয়। আলোচনায় একটা কথা বলি যে প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য যেন বরাদ্দ দেওয়া হয়।
গ্রীষ্ম বা শীতকালের যেকোনো একটা সময় প্রতিবন্ধীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা খুবই জরুরি। ক্রীড়া মন্ত্রণালয়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ থাকে। কিন্তু তারা একটি টাকাও প্রতিবন্ধীদের খেলাধুলার জন্য ব্যয় করে না। খেলা ও সংস্কৃতি ভালোবাসে না এমন মানুষ নেই। প্রতিবন্ধীরা বিদেশ থেকে খেলাধুলায় সোনার মেডেল জিতে আনে। প্রধানমন্ত্রী তাদের সংবর্ধনা দেন। অথচ ক্রীড়া মন্ত্রণালয় তাদের জন্য কিছুই করে না। সংস্কৃতি মন্ত্রণালয়ের ক্ষেত্রেও একই কথা। খেলা ও সংস্কৃতি হলো বিশ্বের ভাষা। তাই সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন জোর করে হলেও ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ে কিছু অর্থ বরাদ্দের ব্যবস্থা করে, যাতে এই দুই মন্ত্রণালয় যেন প্রতিবন্ধীদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বল্প পরিসরে হলেও শুরু করে।
বুদ্ধিপ্রতিবন্ধী বিশেষ ধরনের প্রতিবন্ধী। এরা সামাজিক আচার-আচরণ অনেক কিছুই বোঝে না। তাদের বিশেষায়িত শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। বাংলাদেশে বুদ্ধিপ্রতিবন্ধীদের বিশেষায়িত মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। একটা চিটাগং ও অন্যটা মিরপুর। দেশের ইউনিয়ন পর্যন্ত
এ প্রতিষ্ঠানের আওতা বাড়াতে হবে।
ওসমান খালেদ

আলোচনায় সব ধরনের প্রতিবন্ধীর কথা বলা হয়েছে। শ্রবণপ্রতিবন্ধীদের নিয়ে কিছু বলতে চাই। শ্রবণপ্রতিবন্ধীরা অনেক সমস্যায় আছে। তাদের শিক্ষা, থাকা, খাওয়া, চলাফেরা—সবকিছুতে সমস্যা। যেমন চট্টগ্রামে আট হাজার শ্রবণপ্রতিবন্ধী আছে। তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। অন্যান্য সুযোগ–সুবিধা নেই। অত্যন্ত মানবেতর জীবনযাপন তাদের করতে হয়। এটা আমাকে খুব কষ্ট দেয়। সব ধরনের প্রতিবন্ধীদের যোগাযোগের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। শ্রবণপ্রতিবন্ধীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত ইশারা ভাষা আছে। ফলে এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিতে পারে না। তাই এ জনগোষ্ঠী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আরও বেশি করে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শ্রবণপ্রতিবন্ধীদের শিক্ষাকে সামনে এগিয়ে নিতে হবে। বাজেটে বরাদ্দ না বাড়লে কোনো কাজই করা সম্ভব হবে না। তাই বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে।
মো. বদিউল আলম

আমাদের একটি প্রতিবন্ধী সংগঠন আছে। দেশে এ রকম অনেক সংগঠন আছে। সবাই নিজেদের মতো স্বাবলম্বী হতে চায়। এখন কেউ খুব একটা অনুদান বা ভাতা চায় না। সবাই চায় নিজে কিছু করতে। এ জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো জরুরি। প্রতিটি সংগঠনের একটা আর্থিক চাহিদা আছে। তারা যদি এ অর্থ পায়, তাহলে নিজেরাই স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নেবে। ফলে তারা দেশের জন্য বোঝা হবে না, সম্পদ হবে। স্থানীয়ভাবে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুযোগ পেলে প্রতিবন্ধীরা যে অনেক কিছু করতে পারে, তার উদাহরণ আমাদের মধ্যে আছে।
কিন্তু নিজের যোগ্যতা, প্রতিভা ও শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন আছে। এ অর্থের সংস্থান হলে প্রতিবন্ধীরা সব বাধা অতিক্রম করতে পারবে।
আবদুল হাই

একটি প্রতিবন্ধী সংস্থা থেকে এসেছি। আমাদের সংস্থার অনেকগুলো নেটওয়ার্ক সংস্থা। দেশের ২৭টি জেলায় আমাদের কাজ হচ্ছে। প্রতিবন্ধী মানুষদের দিয়ে আমরা ১০৬টি সংগঠন করেছি।
সারা দিন প্রতিবন্ধীদের সমস্যা আলোচনা করলেও শেষ হবে না। বাজেট প্রণয়নকাজের সঙ্গে প্রতিবন্ধীদের সম্পৃক্ত রাখার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রতিবন্ধীরা তাদের সমস্যা পরিপূর্ণভাবে তুলে ধরতে পারবে। বাজেটে এর প্রতিফলনও ঘটবে। গ্রাম পর্যায়ে প্রতিবন্ধীরা শিক্ষার সুযোগই পাচ্ছে না। এ ক্ষেত্রে তাদের শিক্ষা ভাতা দিয়ে কোনো লাভ নেই। বিভিন্ন প্রশিক্ষণের জন্য তাদের ভাতা দেওয়া হোক। প্রতিবন্ধীদের ভাতা দিলে তারা আরও প্রতিবন্ধী হবে। নিজের শক্তি, যোগ্যতা যাচাই করার সুযোগ পাবে না। আমাদের বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিবন্ধী উন্নয়ন কমিটিতে প্রতিবন্ধীদের অংশগ্রহণ থাকতে হবে। তাহলে তারা তাদের সমস্যাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবে। কিন্তু আমাদের বাজেটও যেন প্রতিবন্ধী বাজেট—এর কোনো উন্নয়ন নেই। একটা অনুষ্ঠানে আমাদের সুবর্ণ নাগরিক বলা হলো। আমরা যদি সুবর্ণ নাগরিক হই, তাহলে আমাদের বাজেটও যেন সুবর্ণ হয়—এটাই আমার প্রত্যাশা।
মনসুর আহমেদ চৌধুরী

সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচন হলো। এ নির্বাচনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। আমি এর প্রতিবাদ করি। সরকারের ভাবা উচিত ছিল একজন প্রতিবন্ধী, অসুস্থ মানুষ বা কোনো রোগী তার জরুরি প্রয়োজনে কীভাবে ঘর থেকে বের হবে?
আমরা এভাবে বৈষম্যের শিকার হতে পারি না। আমি রাষ্ট্রকে কর দিই। এ দেশের একজন ভোটার। রাষ্ট্র আমাকে নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতে পারে না।
২০০৮ সালে বাংলাদেশ সরকার জাতিসংঘের প্রতিবন্ধী সনদে অনুসমর্থন করেছে। এ সনদের বিধিবিধান সরকার পালন করতে বাধ্য। কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছি।
দেশব্যাপী লাখ লাখ যানবাহনের মধ্যে কি প্রতিবন্ধীদের জন্য কয়েকটি যানবাহন থাকতে পারে না? ট্রেনের দরজা এত ছোট যে আমরা হুইলচেয়ার নিয়ে ট্রেনে উঠতে পারি না। প্রতিবন্ধীদের ভাতার বিষয় এসেছে। ভাতা নিয়েও অনেক প্রশ্ন আছে। ভাতা পাওয়ার ক্ষেত্রে লেনদেনের বিষয় আছে। তা ছাড়া প্রতিবন্ধীদের সঙ্গে কত অপ্রতিবন্ধী ভাতা পাচ্ছে, তার কোনো হিসাব নেই। এসব বিষয়ে সুষ্ঠু তাদারকের কোনো ব্যবস্থা নেই।
বাজেটে যদি আজকের আলোচনার কোনো প্রতিফলন ঘটে, তাহলে সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর উদ্যোগ। শেষ কথাটি হলো, আমরা প্রথমে মানুষ, তারপর প্রতিবন্ধী, দলিত আরও হয়তো অনেক কিছু। বলব যে অন্তত মানুষ হিসেবে জাতিসংঘ সনদের অধিকারটুকু আমাদের দিন। দেশের উল্লেখযোগ্য একটা জনগোষ্ঠী প্রতিবন্ধী। তাদের মানবিক অধিকার থেকে বঞ্চিত করে দেেশর সার্বিক উন্নয়ন হবে না।
সি এম তোফায়েল সামি

সবাই বলেছেন ভাতানির্ভরতা থেকে সরে আসতে হবে। কিন্তু এ জন্য শিক্ষার প্রয়োজন। ফলে যেকোনো মূল্যে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। তাহলে সবাইকে শিক্ষার আওতায় আনা যাবে। কেবল বাজেট বাড়ালেই হবে না, বাজেটের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সেটি নিবিড় তদারকের মধ্যে রাখতে হবে। তা না হলে বাজেট বাড়ালেও কোনো কাজ হবে না। বাজেটের অর্থ অপচয় হতে থাকবে। প্রতিবন্ধীদের মানসিক শক্তি অনেক বেশি। তারা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। তাদের নিজের জন্য এবং পরিবারে ও দেশের জন্য অনেক অবদান রাখতে পারে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাদের জন্য সুযোগ–সুবিধা নিশ্চিত করা।
অটিস্টিক প্রতিবন্ধীরা বিশেষ ধরনের প্রতিবন্ধী। এদের দেখভাল করার জন্য এদের অভিভাবকদেরও প্রশিক্ষণ দিতে হয়। সব ধরনের প্রতিবন্ধীকে শিক্ষার মাধ্যমে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তাহলে তারা ভাতানির্ভরতা থেকে মুক্তি পাবে। নিজের জীবন নিজেই গড়তে পারবে।
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম

প্রতিবন্ধীদের বিষয়টি কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখবে, এমন নয়। সামাজিক নিরাপত্তার আওতায় ১৩৫টি প্রকল্প কাজ করে। এই সব কটি প্রকল্পের কাজ কিন্তু একমাত্র সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখাশোনা করে না। অন্য মন্ত্রণালয়ও এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। ফলে ইচ্ছে থাকলে প্রতিবন্ধীদের উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয়ও যুক্ত হতে পারে। আলোচনায় এসেছে প্রতিবন্ধীদের উন্নয়ন ভাতা প্রকল্পনির্ভর। কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই ভাতার প্রয়োজন আছে। এমনকি ভাতা বাড়ানোর বিষয় ভাবার প্রয়োজনও রয়েছে। আর বাজেট কেবল প্রকল্পনির্ভর হলে লক্ষ্যমাত্রার উন্নয়ন কখনো হবে না। আবার কোনো প্রকল্প শেষ হলেই তার কার্যক্রম সম্পূর্ণ শেষ হয় না। প্রকল্পের কিছু কাজ সব সময় চলমান থাকে। পরবর্তী সময়ে এ কাজগুলো রাজস্ব বাজেটে অন্তর্ভুক্ত হয়।
ভাতা থেকে বেরিয়ে আসতে হলে তিনটি বিষয় প্রয়োজন। যেমন: শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের ক্ষেত্র তৈরি করা। প্রতিবন্ধীদের উন্নয়ন কেবল সরকার করবে, এটা ঠিক নয়। এ ক্ষেত্রে বেসরকারি খাতও এগিয়ে আসতে পারে। কোম্পানির সিএসআরকে এখানে ব্যবহার করা যেতে পারে।
সরকারের উন্নয়নকাঠামোর সঙ্গে পরিবেশসহ বিভিন্ন বিষয় যুক্ত থাকে, তেমনি প্রতিবন্ধীদের বিষয়টিও যুক্ত করার ব্যবস্থা করতে হবে। আপনাদের প্রতি আমার সহমর্মিতা ও আন্তরিকতা আছে। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভালো লাগবে।
এম এ মান্নান
আলোচনায় অনেক বিষয় এসেছে। অনেক কিছু জানতে পেরেছি। সরকার সব শ্রেণি-পেশার মানুষের কাছে দায়বদ্ধ। সবার জন্য কাজ করতে চায়। তার পরও বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিতে হয়। এ জন্য আমাদের ব্যবস্থা আছে। এ কাজগুলো আমরা করছি।
প্রতিবন্ধীদের উন্নয়ন শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয় করবে, আমি এটা মনে করি না। মনে হয়, সব মন্ত্রণালয় এ ক্ষেত্রে এগিয়ে আসবে। তবে অনেকে অ্যালোকেশন অব বিজনেসের কথা বলেছেন। আমিও মনে করি এটা একটা বাধা। এ সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়ছে। নিশ্চয়ই এটা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে প্রতিবন্ধীদের যুক্ত করা কোনো কঠিন কাজ না। এ ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে আমার চেষ্টা থাকবে। ভাতা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তবে প্রতিবন্ধীদের কীভাবে দীর্ঘ মেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সচেতন। তিনি চান এ ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হোক। কিন্তু বাজেটে সব সময় ঘাটতি থেকে যায়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু সম্ভব হয় না।
টয়লেট, র্যাম্প ও যোগাযোগের ব্যাপারে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে আমাদের সরকারের উদ্যোগ থাকবে। প্রতিবন্ধী সংগঠনের ব্যাপারে বলেছেন, সংগঠনের জন্য কিছু অর্থ বরাদ্দ করা যায় কি না, সেটি আমাদের ভাবনায় থাকবে। প্রতিবন্ধীদের বিষয়ে সরকার সচেতন। তাদের জন্য যা যা করা সম্ভব, আমাদের এ সরকার তা করার চেষ্টা করে যাবে।
আব্দুল কাইয়ুম
প্রতিবন্ধীদের শিক্ষা-প্রশিক্ষণ যেমন জরুরি, তেমনি ভাতাও জরুরি। দীর্ঘ মেয়াদে কীভাবে প্রতিবন্ধীদের উন্নয়ন করা যায়, সেটির ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনায় এসেছে প্রায় ১৫ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। এত বড় জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ এগোতে পারে না। তাই সরকারি-বেসরকারি সবাইকে প্রতিবন্ধীদের উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তশালী ব্যক্তিসহ সবাইকে এগিয়ে আসতে হবে
প্রতিবন্ধী ব্যক্তির উল্লেখ্যযোগ্য অধিকার
. সর্বক্ষেত্রে সমান আইনি স্বীকৃিত এবং বিচারগম্যতা;
. সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় ইত্যাদি ক্ষেত্রে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী পূর্ণ ও কার্যকরভাবে অংশগ্রহণ;
. শিক্ষার সকল স্তরে, শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত সুযোগ–সুবিধাপ্রাপ্তি সাপেক্ষে একীভূত বা সমন্বিত শিক্ষায় অংশগ্রহণ;
. সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মে নিযুক্তি;
. প্রাপ্যতা সাপেক্ষে সর্বাধিক মানের স্বাস্থ্যসেবাপ্রাপ্তি;
. শারীরিক, মানসিক ও কারিগরি সক্ষমতা অর্জন ও সমাজজীবনের সব ক্ষেত্রে সম্পূর্ণভাবে একীভূত হওয়ার লক্ষ্যে সহায়ক সেবা ও পুনর্বাসন সুবিধাপ্রাপ্তি
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে প্রধান বাধা
. পরিবার ও সমাজে সচেতনতার অভাব
. শিক্ষা ক্ষেত্রে বৈষম্য
. চাকরি নিয়োগদাতাদের নেতিবাচক মনোভাব
. প্রবেশগম্যতায় বাধা
. বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অপর্যাপ্ত বরাদ্দ
সূত্র: ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’
আলোচনায় সুপারিশ
. একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে প্রতিবন্ধীদের যুক্ত
করা কোনো কঠিন কাজ না। এ ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে
. প্রতিটি মন্ত্রণালয়কে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে হবে।
. সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অ্যালোকেশন অব বিজনেস অবশ্যই পরিবর্তন করতে হবে
. মাত্র পাঁচ কোটি টাকা ব্যয় করলে সব দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর হাতে ব্রেইল বই পৌঁছে দেওয়া সম্ভব
. স্থানীয়ভাবে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
যাঁরা অংশ নিলেন
এম এ মান্নান : সাংসদ, অর্থ প্রতিমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়
এ বি মির্জ্জা আজিজুল ইসলাম : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
সি এম তোফায়েল সামি : চেয়ারপারসন, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন
আলবার্ট মোল্লা : নির্বাহী পরিচালক, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন
জওয়াহেরুল ইসলাম মামুন : সভাপতি, সুইড বাংলাদেশ
ফরিদা ইয়াসমিন : নির্বাহী পরিচালক, ডিআরআরএ
খন্দকার জহুরুল আলম : নির্বাহী পরিচালক, সিএসআইডি
ওসমান খালেদ : চেয়ারম্যান, এসডিএসএল (্ওসমান খালেদকে সহযোগিতা করেছেন তানজিলা তারতুসী-দোভাষী)
ভাস্কর ভট্টাচার্য্য : প্রোগ্রাম ম্যানেজার, ইপসা
মো. বদিউল আলম : নির্বাহী পরিচালক, বিপিইউএস
মনসুর আহমেদ চৌধুরী : প্রতিবন্ধীবিষয়ক মানবাধিকারকর্মী
আবদুল হাই : সভাপতি, এনজিডিও
আশরাফুন্নাহার : নির্বাহী পরিচালক, ডব্লিউডিডিএফ
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো