প্রতিবন্ধীবান্ধব নয় এবারের বাজেট
এবারের বাজেটকে প্রতিবন্ধীবান্ধব নয় বলে দাবি করেছে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে এমন দুটি বেসরকারি সংস্থা। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি সংশোধিত বাজেটে প্রতিবন্ধীদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার দাবি জানায়।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬: প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থান’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ ডিআরএফ গ্রান্টি কো-অর্ডিনেশন কমিটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য আগের বছরের তুলনায় বরাদ্দ বাড়লেও এবারের বাজেট প্রতিবন্ধীবান্ধব নয়। বাজেটে দীর্ঘ মেয়াদে ১ কোটি ১৮ লাখ কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও সেখানে প্রতিবন্ধীদের বিষয়ে কোনো নির্দেশনা নেই।
সংবাদ সম্মেলন থেকে সংশোধিত বাজেটে যেসব বিষয়ে বরাদ্দের দাবি জানানো হয়েছে, এগুলো হলো—প্রতিবন্ধীদের জন্য দেওয়া অনুদানকে করমুক্ত করা, দক্ষতা উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করা, হুইলচেয়ার ব্যবহারকারীদের উপযোগী বাস আমদানি, বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা, শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং প্রতিবন্ধীদের উন্নয়নে গবেষণা পরিচালনা অন্যতম।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে অধিকারের দৃষ্টিতে না দেখে কল্যাণের দৃষ্টিতে দেখা হয়েছে। ফলে প্রতিবন্ধীদের উন্নয়ন এখনো সামাজিক নিরাপত্তা জালে আটকে আছে। তাঁরা বাজেটে প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা, প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তির সংখ্যা ও ভাতার হার বাড়ানো এবং প্রতিবন্ধীদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করার সিদ্ধান্তকে স্বাগত জানান।
সংবাদ সম্মেলনে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, ভাইস চেয়ারপারসন মহুয়া পাল, পিএনএসপির সাধারণ সম্পাদক সালমা মাহবুব প্রমুখ বক্তব্য দেন।