প্রতিবন্ধীর অধিকার আদায়ে 'আমরা ঘণ্টা বাজাই'
উপলক্ষ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার। এ অধিকার আদায়ে এক মিনিট ‘ঘণ্টা’ বাজানো হয়। উদ্দেশ্য নীতিনির্ধারক ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করা। চুয়াডাঙ্গায় গতকাল বুধবার ব্যতিক্রমী এ কর্মসূচি পালিত হয়।
জেলার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টা বাজতেই অংশগ্রহণকারীরা তাঁদের হাতে থাকা ঘণ্টা ও ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং থালা-বাসন বাজাতে শুরু করেন। ঠিক এক মিনিট পর থেমে যায় বাজনা।
কর্মসূচির আয়োজক প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল বলেন, যেসব প্রতিবন্ধী শিশু স্কুলে যেতে পারে না, তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতেই এ আয়োজন। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশু, শিক্ষক, অভিভাবক মিলে এ কর্মসূচি পালনের মাধ্যমে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মনোযোগ আকর্ষণ করা হলো।
কর্মসূচির আয়োজক প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা হলেও উদ্যোগটি নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান লিলিয়ান ফাউন্ডেশনের। তারা বিশ্বব্যাপী এ প্রচারাভিযান চালাচ্ছে। বাংলাদেশে তাদের সহযোগিতায় রয়েছে প্রতিবন্ধী পুনর্বাসন ও গবেষণা সমিতি (ডিআরআরএ)।
গতকালের কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেব প্রসাদ পাল। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবদুল আওয়াল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-সামি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরামর্শক সেলিম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।