প্রতিবন্ধীর তালিকায় বিউটি আক্তার
শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও দীর্ঘ ১৭ বছর সরকারি ভাতাবঞ্চিত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা নওগাঁও গ্রামের বিউটি আক্তারের (১৭) নাম অবশেষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাতার জন্যও তার নাম সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন থেকে সে প্রতিবন্ধী ভাতা পাবে।
গতকাল মঙ্গলবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন নাম অন্তর্ভুক্তি ও ভাতা পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। বিউটি স্থানীয় মতলব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এদিকে বিউটির পরিবারের অসচ্ছলতার কথা জেনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনেকেই। তার কলেজ প্রশাসন ও পৌরসভার মেয়র সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। মতলব ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আসাদুর রহমান জানান, কলেজ থেকে বিউটিকে ইতিমধ্যে এক সেট বই দেওয়া হয়েছে। তাকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া কলেজে পরীক্ষার ফি মওকুফ এবং তার এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সহায়তা দেওয়া হবে। মতলব পৌরসভার মেয়র এনামুল হক জানান, পৌরসভার তহবিল থেকে তাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে।
বিউটি আক্তার বলে, প্রতিবন্ধীর তালিকায় নাম ওঠায় খুব ভালো লাগছে তার। যাঁরা সাহায্যের আশ্বাস দিয়েছেন, তাঁদের কথা মনে থাকবে। ১৮ অক্টোবর প্রথম আলোয় ‘১৭ বছরেও জোটেনি প্রতিবন্ধী ভাতা’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।