প্রতিবন্ধীর ভাতার টাকা কেড়ে নিলেন ইউপি সদস্য!
রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে একজন প্রতিবন্ধীর ভাতার টাকা কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই প্রতিবন্ধী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১৪ জানুয়ারি লিখিত অভিযোগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের নারায়ণজন গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে দেলশাদ হোসেন একজন বাক্প্রতিবন্ধী। নয় মাস আগে তাঁর নাম প্রতিবন্ধী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। দেলশাদের স্ত্রী সিদ্দিকা অভিযোগ করেন, প্রতিবন্ধী ভাতা তুলে দেওয়ার কথা বলে ইউপি সদস্য আফজাল হোসেন ১৪ জানুয়ারি দেলশাদকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইকরচালী কৃষি ব্যাংকে নিয়ে যান। ব্যাংক থেকে দুই হাজার ৫৫০ টাকা তোলার পর আফজাল হোসেন দেলশাদের কাছে দুই হাজার ৩০০ টাকা চান। দেলশাদ টাকা দিতে অস্বীকার করলে আফজাল টাকা কেড়ে নেন। দেলশাদ কান্নাকাটি শুরু করলে তাঁর হাতে আফজাল ৫০০ টাকা দেন। বাকি টাকা চাইলে আফজাল তাঁকে জানান, প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার জন্য তিনি এ টাকা নিয়েছেন। দেলশাদের মা কিনোমাই অভিযোগ করে বলেন, ‘অভিযোগ করার পর আফজাল ও তাঁর লোকজন আমাকে ও আমার ছেলেকে হুমকি দিচ্ছে। ’ ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, ‘আমার প্রতিপক্ষ লোকজন দেলশাদকে দিয়ে এই মিথ্যা অভিযোগ করেছে। আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি এবং তাঁকে কোনো হুমকিও দিইনি।’ ইউএনও এনামুল হক জানান, তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।