প্রতিবন্ধীরা বোঝা নয়, সম্পদ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয়, আমি মনে করি, তারা দেশের জন্য সম্পদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিবন্ধীদের আরও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমি একটা কথা বলতে চাই, সরকার অনেক উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ী সম্প্রদায়, বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সেক্টর, বেসরকারি প্রতিষ্ঠান তাদেরও আমরা আহ্বান জানাব যে, তারাও যেন প্রতিবন্ধীদের চাকরি দেন, কাজ দেন, তাদের যেন সুযোগ দেন। তাদের মেধা যেন কাজে লাগে সে উদ্যোগ যেন তারা নেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রতিবন্ধী, দল-মত, ধর্ম-বর্ণ, সকলে মিলে এক সঙ্গে হয়েই আমরা দেশের জন্য কাজ করব-সেটাই আমাদের লক্ষ্য। কাজেই প্রতিবন্ধীরা বোঝা নয়, আমি মনে করি, তারা দেশের জন্য সম্পদ।’
শেখ হাসিনা বলেন, কারও অটিস্টিক শিশু থাকলে তারা নিজেকে লজ্জিত মনে করতেন। সমাজে সেই বাচ্চাকে সামনে আনতে পারতেন না। নানা মানসিক যন্ত্রণায় ভুগতেন। আল্লাহর রহমতে এখন আর সেই অবস্থা নেই। সেই সঙ্গে দেশের সব ছাত্র-ছাত্রী ও দেশের মানুষকে এইটুকু আবেদন করব—প্রতিবন্ধীরা আমাদের সংসার, সমাজ ও দেশের একটা অংশ। তাদের অবহেলা না, তাদের প্রতি সংবেদনশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সাহায্য করতে হবে। তারাও যে আমাদের মূল স্রোতের সেটা সব সময় মনে রাখতে হবে। সেইভাবেই তাদের সঙ্গে আচরণ করতে হবে। ছোট বেলায় আদর্শলিপিতে যে পড়েছি কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না। এই কথা কিন্তু সব সময় মনে রাখতে হবে।
প্রতিবন্ধী সন্তানের বাবা-মা ও অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী শিশুর জন্য কখনোই মনে কোনো কষ্ট রাখবেন না। বরং তাদের সহযোগিতা করবেন, সাহায্য করবেন। যে প্রতিবন্ধী হয়ে জন্মেছে এটা তো তার অপরাধ না। বাবা-মার অপরাধ না। সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের।’
বক্তব্যে প্রতিবন্ধীদের তথ্যভান্ডার তৈরির বিষয়ে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য একটা নির্ভরযোগ্য তথ্যভান্ডার করা হয়েছে। যা গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কত প্রতিবন্ধী আছে, সেই তথ্য আমরা সংগ্রহ করব। যাতে তাদের সঠিকভাবে চিকিৎসা ও সহায়তা করতে পারবে তা জানতে পারবে। তিনি বলেন, বাংলাদেশে এ মুহূর্তে ছয় লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, ৬০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে লেখাপড়া শিখতে বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধীদের মাসিক ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে।
নববর্ষ বা ঈদ শুভেচ্ছা জানাতে যে কার্ড ছাপান তা প্রতিবন্ধীদের আঁকা ছবি দিয়ে তৈরি করা হয় বলেও জানান প্রধানমন্ত্রী।