প্রতিবন্ধীরা বোঝা না হয়ে জাতীয় সম্পদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলে দেশ ও সমাজের বোঝা না হয়ে তারা সম্পদে পরিণত হবে। এ জন্য প্রতিবন্ধীদের কর্মপরিবেশ অনুযায়ী প্রশিক্ষণ ও তাদের দক্ষতা অনুযায়ী তথ্যভান্ডার, মালিকদের প্রণোদনা, আইন ও নীতির বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার সকালে প্রথম আলো কার্যালয়ে তৈরি পোশাক শিল্পে প্রতিবন্ধীবান্ধব কর্ম পরিবেশ শীর্ষক গোলটেবিলে বক্তা এবং অংশগ্রহনকারীরা। ছবি : সাইফুল ইসলাম
বৃহস্পতিবার সকালে প্রথম আলো কার্যালয়ে তৈরি পোশাক শিল্পে প্রতিবন্ধীবান্ধব কর্ম পরিবেশ শীর্ষক গোলটেবিলে বক্তা এবং অংশগ্রহনকারীরা। ছবি : সাইফুল ইসলাম

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ বৃহস্পতিবার ‘তৈরি পোশাকশিল্পে প্রতিবন্ধীবান্ধব কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারি কর্মকর্তা, মালিক-প্রতিনিধি, বেসরকারি ও বিদেশি সংস্থার কর্মকর্তারা এসব কথা বলেন। প্রথম আলোর এই গোলটেবিল বৈঠক আয়োজনে সহযোগিতায় ছিল বেসরকারি সংস্থা সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ও জার্মান সংস্থা জিআইজেড।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন সিডিডির পরিচালক নাজমুল বারি। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে উন্নয়নশীল দেশে ১৫ শতাংশের মতো প্রতিবন্ধী মানুষ থাকে। সেই হিসাবে আমাদের সমাজে প্রতিবন্ধীর সংখ্যা অনেক। তাদের কর্মক্ষেত্রে আনতে না পারলে জিডিপিতে ৩ থেকে ৭ শতাংশের মতো ক্ষতি হবে। টাকার অঙ্কে এই লোকসান প্রায় ১০০ কোটি ডলারের মতো।’
সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, দেশে প্রতিবন্ধীদের নির্দিষ্ট সংখ্যা এখনো নিরূপণ হয়নি। এটি একটি বড় দুর্বলতা। তবে কমপক্ষে ৫০ লাখ প্রতিবন্ধীকে কর্মশক্তিতে রূপান্তর সম্ভব। তিনি আরও বলেন, ‘শারীরিকভাবে সুস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কোনো তফাত নেই। আমরা আগে একসময় অনুমান করে বললেও এটি এখন বাস্তব।’
আলোচনায় বক্তারা বলেন, পোশাকশিল্প মালিকদের মানসিকতায় পরিবর্তন এসেছে। ফলে কিছু কারখানায় প্রতিবন্ধীরা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবে পোশাক খাতে বিরাট সুযোগ আছে। কারণ, ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানির আয় পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ জন্য নতুন করে বেশ কয়েক লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, ‘পাঁচ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানির লক্ষ্য অর্জনে আরও ২৫ থেকে ৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে। কোন প্রতিবন্ধী কোন কাজের জন্য যোগ্য, সেটি আমাদের জানতে হবে। তাঁদের দক্ষতা উন্নয়নে আরও উদ্যোগ নিতে হবে। প্রতিবন্ধীদের যাতায়াত ও বাসস্থান নিয়ে সমস্যা হয়। অনেক সময় প্রতিবন্ধীরা এই হীনম্মন্যতায় ভোগেন যে আশপাশের লোকজন তাঁকে কীভাবে নিচ্ছে। তাতে অনেক সময় উৎপাদনশীলতা কমে যায়। এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।’
মোহাম্মদ নাছির আরও বলেন, প্রতিবন্ধীদের নিয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা কাজ করছেন। কেয়া গ্রুপে ৮৫০ ও বেক্সিমকো ফ্যাশনে ৫৭৬ জন প্রতিবন্ধী কাজ করেন। এ ছাড়া ফখরুদ্দিন, অবন্তী, ফকির, গিবেন্সিসহ বেশ কিছু পোশাক কারখানায় প্রতিবন্ধীদের কর্মসংস্থান হয়েছে।
সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন করেছে। সেখানে প্রতিবন্ধীদের কর্মসংস্থান চাকরি প্রদানকারী প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন সাপেক্ষে কর রেয়াত দেওয়ার কথা বলা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিতে সব ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে ৫ শতাংশ কোটা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা আছে। এসব বিষয় উল্লেখ করে তা যথাযথ বাস্তবায়নের দাবি জানান বৈঠকে উপস্থিত একাধিক বক্তা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, ‘সরকারের কর্মচারী হিসেবে বলতে চাই, আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন প্রতিবন্ধীদের নিয়ে ভাবি।’ তিনি আরও বলেন, এই শতাব্দীতে এসেও সরকারি অফিসে প্রতিবন্ধীদের হুইলচেয়ারের জন্য আলাদা র‍্যাম্প ও টয়লেট করা যায়নি। তবে সরকারি নতুন ভবনে প্রতিবন্ধীবান্ধব করার সব ধরনের নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে।
মিকাইল শিপার কারখানার কর্মপরিবেশ দেখে সে অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে হাতের সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে কারখানায় এখন চলে ইলেকট্রিক মেশিন। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের কর্মসংস্থান যাঁরা দেবেন, তাদের সহায়তা করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। তবে সহায়তার পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা না হলে অতিরিক্ত কর বসানোর মতো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলেন এনএফওডব্লিউডির পরিচালক নাফিসুর রহমান।
বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, তাঁর কারখানার মোট শ্রমিকের ১ শতাংশ প্রতিবন্ধী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে। এখন আছেন ৬০ জন প্রতিবন্ধী পোশাকশ্রমিক। ব্যবসায়িক সুবিধা নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও সন্তুষ্টির জন্য কারখানার মালিকেরা এসব কাজ করছেন। তিনি বলেন, প্রতিবন্ধী শ্রমিকেরা যথেষ্ট দক্ষ। তাঁদের কারখানা বদলের প্রবণতা নেই।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খোরশেদ আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া, জিআইজেডের জ্যেষ্ঠ পরামর্শক বেটিনা স্মিথ, আন্তর্জাতিক শ্রম সংস্থার সেক্টর স্কিলস ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ কিশোর কুমার সিং, ডিজঅ্যাবল পিপলস ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ওসমান খালেদ প্রমুখ।