
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসংখ্যার বিচারে প্রতিনিধিত্বমূলক না হওয়ার অজুহাতে কোনো রাষ্ট্র প্রতিবন্ধী ব্যক্তিদের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনাকে অস্বীকার করতে পারে না। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, অটিজম আক্রান্তরা কোনোভাবেই রাষ্ট্রের বোঝা নয়। সঠিক পরিচর্যা ও সেবা পেলে তাদের অনেকে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও আঞ্চলিক কমিটির সভায় অটিজমবিষয়ে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
বিশ্বমানের অনেক মনীষী আছেন যাঁরা অটিজমে আক্রান্ত—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সঠিক পরিচর্যা, সমাজের সহানুভূতি ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের অনেকেই নিজেদের ওই উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আন্তরিকতার ঘাটতি নেই। সীমিত সম্পদ নিয়েই প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।’
প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের নিয়ে সরকারের কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেন তাঁর বক্তৃতায়।
ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্য পরামর্শক প্যানেলের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি গ্লোবাল অটিজম শীর্ষক মূল নিবন্ধও উপস্থাপন করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুরস্কার নিলেন সায়মা হোসেন
অনুষ্ঠানে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ডিন মাইকেল ক্লাগ ‘জনস্বাস্থ্যের প্রেক্ষাপটে অটিজম’ বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া বিশ্ব অটিজম অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট সামিরা আল সাদ এ বিষয়ে মা-বাবা ও সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নিবন্ধ উপস্থাপন করেন। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিংয়ের সঞ্চালনায় সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিওনপো তানদিন ওয়াংচুক, কয়েকটি দেশের রাষ্ট্রদূত এবং বিশ্ব ব্যাংক, ইউএসএইডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
পুরস্কার উৎসর্গ করলেন সায়মা হোসেন: ইউএনবি জানায়, অটিজম নিয়ে কাজের অবদানস্বরূপ ডব্লিউএইচও থেকে পাওয়া পুরস্কারকে সায়মা হোসেন অটিজম নিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
গতকালের গোলটেবিল আলোচনার পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি মনে করি নীরবে অটিজম নিয়ে যাঁরা কাজ করছেন পুরস্কার তাঁদেরকেই দেওয়া হয়েছে, আমাকে নয়। ’
সায়মা হোসেন বলেন, নিজের দায়বদ্ধতা থেকেই অটিজম নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল অটিজমে আক্রান্তদের কথা তুলে ধরা।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) সাইদা মুনা তাসনিমসহ অটিজম বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।