প্রতিবন্ধীসহ কুমিল্লা ও চুয়াডাঙ্গায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। একই দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আলমসাধুর চাপায় এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে।ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচরে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও চালকের সহকারী নিহত হয়। নিহত ব্যক্তিরা হচ্ছেন নোয়াখালীর সুধারামপুরের মধ্যমচর উরিষ্যা গ্রামের ওয়ালী উল্লাহ (২৪) ও সুধারামপুরের মাইজদী দেবীপুর গ্রামের ইমরান হোসেন (১৬)।দুর্ঘটনার পর মহাসড়কের চান্দিনার মাধাইয়া থেকে দাউদকান্দির শহীদনগর পর্যন্ত এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।সকাল সাড়ে ১০টার দিকে একই মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে মোটরসাইকেলের চালক উপজেলার পেন্নাই গ্রামের মফিজুল ইসলাম (২০) ঘটনাস্থলেই নিহত হন।চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আলমসাধুর চাপায় লিমা খাতুন (৮) নামের এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। সে জোড়গাছা গ্রামের কামাল হোসেনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লিমা রাস্তা পার হওয়ার সময় একটি আলমসাধু তাকে চাপা দেয়।