পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিগ্রির প্রথম ব্যাচের ছাত্র জাহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভেটেরিনারি ছাত্র সমিতি। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে ওই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ডা. জাহিদ দিনাজপুরে একটি বিদেশি ব্রিডার ফার্মে কর্মরত অবস্থায় গত ২৮ আগস্ট সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর অবস্থায় তিনি রংপুরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁরা ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের ওই অনুষদের ডিন আবদুল মতিন, ভেটেরিনারি ছাত্র সমিতির সহসভাপতি ভিপি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।