প্রতিবাদ
১০ জানুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত ‘অনুমোদনহীন পানীয় বিক্রি হচ্ছে অবাধে’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছে গ্লোব সফট ড্রিংকস লিমিটেড ও এএসটি বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠান দুটির পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. খাইরুল আনাম স্বাক্ষরিত এক পত্রে দাবি করা হয়, প্রতিবেদনে তাঁদের রয়েল টাইগার ও ব্ল্যাক হর্স নামের পানীয় অনুমোদনহীন বলে যে তথ্য ছাপা হয়েছে, তা সঠিক নয়। তাঁরা পণ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে অনুমতিপত্র নিয়ে এসব পানীয় বাজারজাত করছেন।
ওই পত্রে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে রয়েল টাইগারসহ চার শ্রেণির পানীয় পরীক্ষা করে সেগুলোতে ‘অপিয়াম উদ্ভূত অপিয়েট’ ও ‘সিলডেনাফিল সাইট্রেট’ নামের রাসায়নিক দ্রব্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আসলে রয়েল টাইগার পরীক্ষা করে ওই দুটি রাসায়নিক দ্রব্য পাওয়ার তথ্য সঠিক নয়।