প্রতিবাদ
গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘রাজউকের প্লট নিয়ে প্রধানমন্ত্রীর সাবেক কর্মকর্তার জালিয়াতি’ শীর্ষক প্রতিবেদনের কিছু তথ্যের প্রতিবাদ করেছেন আইনজীবী আবু জাহিদ সেন্টু। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নয়, আওয়ামী লীগের সভানেত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে ১৯৯৬ সালের জুন পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। এই পরিচয় তিনি ব্যবহার করেন না। এ ছাড়া প্রতিবেদনে ‘জালিয়াতি’ শব্দটি ব্যবহার করার প্রতিবাদ জানান তিনি।টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ তুলে একজন চিকিৎসক আয়োজিত সংবাদ সম্মেলনের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে আবু জাহিদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়। গতকাল আবু জাহিদ আরও কিছু বক্তব্য সংযোজন করে দাবি করেন, সংবাদ সম্মেলনের দেওয়া তথ্যগুলো ঠিক নয়। রাজউকের প্লট তিনি ডা. বদরুদ্দোজার কাছে হস্তান্তর বা বিক্রয় করেননি। বিশেষ কারণে কিছু কাজ সম্পন্ন করার জন্য তিনি ওই প্লটের আমমোক্তার হিসেবে বদরুদ্দোজাকে নিয়োগ করেছিলেন। আমমোক্তারনামা দেওয়া এবং প্রত্যাহার করা আইনি প্রক্রিয়া এবং তিনি তা-ই করেছেন বলেও জানান। রসিদের মাধ্যমে টাকা নেওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, ডা. বদরুদ্দোজার কাছে তিনি টাকা পেতেন, সেই টাকা সিটি ডেন্টাল কলেজের রসিদের মাধ্যমে গ্রহণ করেছেন। তবে কী বাবদ, কত টাকা পেতেন—এ সংক্রান্ত তথ্য-প্রমাণ দেখাননি আবু জাহিদ।