প্রতিবাদ উপেক্ষা করে জনবসতিতে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া সেতুর নিচ দিয়ে প্রবাহিত ভদ্রা নদী। এর দুই পাশে জনবসতি ও কৃষিজমির ওপর ১২টি ইটভাটা স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র না নিয়েই এসব ইটভাটা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইটভাটার চিমনি থেকে বের হওয়া ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। ইট তৈরির মাটি জোগাড় করতে ইটভাটার মালিকেরা নদীর পারে অবৈধভাবে বাঁধ দিয়েছেন। এতে গতিপথ পরিবর্তন হওয়ায় খর্ণিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ভাঙন বেড়ে গেছে। সম্প্রতি খর্ণিয়া বাজারের ১০০ থেকে ১২০ হাত জায়গা চারটি বড় ঘরসহ বিলীন হয়ে গেছে। কিছুদিন আগে একটি ইটভাটা নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় লোকজন গত ১৮ অক্টোবর চহেড়া গ্রাম ও খর্ণিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে তারা বিভিন্ন সরকারি কার্যালয়ে ওই দিন ডাকযোগে লিখিত অভিযোগও পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী (সংশোধিত ২০০১) সংরক্ষিত বনাঞ্চল বা জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইট পোড়ানো, ইটভাটা স্থাপন ও কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এলাকাবাসী অভিযোগ করেন, এই আইন অমান্য করে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ব্যবসায়ী মাত্র ছয় কিলোমিটারের মধ্যে ১২টি ইটের ভাটা নির্মাণ করেছে। সরেজমিনে দেখা গেছে, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী শাহপুরের সুন্দরখাল এলাকার জনবসতিপূর্ণ মরণতলায় সেতু ব্রিক্স নামের একটি ইটভাটা চালাচ্ছেন। এ বছর শোলগাতিয়া বাজারের পাশে একটি নতুন ভাটা স্থাপন করা হয়েছে। রানাই গ্রামসংলগ্ন নদীর চরে একটি, এর দক্ষিণ পাশেই দুটি, বরাতিয়া গ্রামে দুটি, এর দক্ষিণ পাশেই দুটি, ভদ্রদিয়া গ্রামে খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ একটি, এর উত্তর দিকে আরও দুটি ইটভাটা করা হয়েছে। সম্প্রতি চহেড়া গ্রামের মানিকতলায় উপজেলা চেয়ারম্যানের ভাতিজা গাজী আবদুল হক নতুন ভাটা তৈরির উদ্যোগ নেন।জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন করায় স্থানীয় লোকজন নানাভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। বরাতিয়া গ্রামের হারাধন অধিকারী বলেন, ‘ভাটা হওয়ায় আমার বাড়ির বেশ কয়েকটি আম, কাঁঠাল, নারকেল গাছে ধোঁয়ার কালি পড়ে পাতা শুকিয়ে গেছে এবং ফলন কমে গেছে। খর্ণিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ভাটা-মালিকেরা নদী দখল করে অবৈধ বাঁধ দেওয়ায় গত দুই বছরে খর্ণিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি খর্ণিয়া বাজারের বিশাল অংশ নদীতে বিলীন হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে শোলগাতিয়া গ্রামের এক শিক্ষক বলেন, এলাকায় ১২-১৩টি ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটা তৈরির কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী এক বছর ধরে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। নদী দখল ও পরিবেশদূষণের বিরুদ্ধে এলাকাবাসী ২৫ জানুয়ারি খর্ণিয়া বাজারে সমাবেশ করে। ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। প্রস্তাবিত ইটভাটার মালিক গাজী আবদুল হক বলেন, ভাটার কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে আছে। খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার বলেন, ‘ওই এলাকায় নিয়ম ভেঙে কেউ ভাটা করছে—এমন অভিযোগ পেলে আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডুমুরিয়ায় যে ১২টি ইটভাটা নির্মিত হয়েছে, সেগুলোর অনুমোদন নেই। এমনকি এলাকার সাংসদকেও ইটভাটা করার অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।’খুলনা-৫ আসনের সাংসদ ও ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘নিজে সৎভাবে চলতে গত বছর ভাটা তৈরি করি। আমি এ বছরই পরিবেশবান্ধব ভাটা তৈরির কাজ শুরু করেছি।’