প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২১ এপ্রিল প্রথম আলোতে ‘দেশে আর্সেনিক পরিস্থিতি: সরকার ভুলে গেছে, দাতাদের আগ্রহ কম’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিবাদপত্রে বলা হয়েছে, ৩ কোটি ২০ লাখ মানুষ মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি পান করার তথ্যের সূত্র প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ২০১২-১৩ সালের বহুনির্দেশক গুচ্ছ জরিপ অনুযায়ী আর্সেনিকের ঝুঁকিতে রয়েছে ১ কোটি ৯০ লাখ মানুষ। আর্সেনিকের কারণে ৪৩ হাজার মৃত্যুর তথ্য অগ্রহণযোগ্য।
প্রতিবাদপত্রে আরও বলা হয়েছ, আর্সেনিক সমস্যা চিহ্নিত হওয়ার পর সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে ঝুঁকিতে থাকা মানুষের হার ২৩ শতাংশ থেকে কমে ১২ শতাংশে এসে দাঁড়িয়েছে। আর্সেনিক সমস্যা গুরুত্ব দিয়ে তিনটি বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর্সেনিকপ্রবণ এলাকায় ভূ-উপরিস্থ পানি ব্যবহারের গুরুত্ব দিয়ে ৩৭০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু হয়েছে। এ ছাড়া আর্সেনিকের ঝুঁকি কমাতে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আর্সেনিক সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
প্রতিবেদকের বক্তব্য
৩ কোটি ২০ লাখ মানুষ ঝুঁকিতে থাকার তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ‘হেলথ বুলেটিন ২০১৬’ থেকে নেওয়া হয়েছে (পৃষ্ঠা ১৪০)। বছরে ৪৩ হাজার মৃত্যুর তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘আর্সেনিক ইন টিউবওয়েল ওয়াটার ইন বাংলাদেশ: হেলথ অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট অ্যান্ড ইমপ্লিকেশনস্ ফর আর্সেনিক মিটিগেশন’ শীর্ষক নিবন্ধ থেকে নেওয়া হয়েছে। নিবন্ধটি ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর অনলাইনে দেওয়া হয়। সরকার সমস্যা মোকাবিলায় কী করছে, তা প্রতিবেদনে আছে।