পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবারও ওই ঘটনার প্রতিবাদে নানা কর্মসূচি পালিত হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
ফরিদপুর: দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্র ইউনিয়ন। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টার এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা যুব ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি তাহমিনা আক্তার প্রমুখ। বক্তারা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
ঝিনাইদহ: জেলা শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল সকালে মানববন্ধন করা হয়। এর আয়োজন করে বেসরকারি সংস্থা দুর্বার নেটওয়ার্ক। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে টিএসসি মোড়ে নারীকে যৌন হয়রানি ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন অংশগ্রহণকারীরা। এতে মানবাধিকার কর্মী, বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পটুয়াখালী: জেলার বাউফলে প্রেসক্লাবের সামনে পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) ও উপজেলা নারী স্বাস্থ্য অধিকার আন্দোলন জোটের উদ্যোগে মানববন্ধন হয়।
জেলার দশমিনা উপজেলা সদরে অন্বেষা সমাজসেবা সংঘের আয়োজনে নারী জোটের উদ্যোগে মানববন্ধন করা হয়।
রাজবাড়ী: জেলারকালুখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন কালুখালী শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৌরভ বিশ্বাস। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রাক্তন সদস্য সুমন বিশ্বাস, জেলা সভাপতি শিবনাথ বিশ্বাস, প্রসেনজিৎ কুমার রায় প্রমুখ।
পাথরঘাটা (বরগুনা): উপজেলা সদরের শেখ রাসেল স্কয়ারে বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্টের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধনে শহরের আনোয়ার হোসেন আকন মাধ্যমিক বিদ্যালয় ও পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়।