প্রতিবাদ ও বিক্ষোভের মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল রোববার জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কোনো ধরনের কাউন্সিল ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রেখে ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে সম্মেলনের প্রতিবাদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানমের পক্ষের নেত্রীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সভা করে।
জেলা মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী ৫১ সদস্যের কমিটি গঠনের কথা থাকলেও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ ওই বছরের ১৮ মার্চ ৪৫ সদস্যের কমিটির অনুমোদন দেয়। অবশিষ্ট শূন্য পদ দেড় যুগেও পূরণ করা হয়নি। ইতিমধ্যে ৪৫ সদস্যের কয়েকজন মারাও গেছেন। এ অবস্থায় ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা সম্মেলন করার তাগিদ দেন।
গতকাল দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনের বাইরে পতাকা উত্তোলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিরিন রোকসানা। সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাফিয়া খাতুন। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য জুবেদা খাতুন ও দিলরুবা জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের ব্যানারে পরিচালানায় তাসলিমা সুলতানা খানমের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।
বিকেল পাঁচটা পর্যন্ত সম্মেলনে জেলাসহ বিভিন্ন উপজেলার নেত্রীরা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাফিয়া খাতুন বলেন, ২০১৯ সালের নির্বাচন সফল করতে দলের সভানেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, ‘দলে সুখ-দুঃখ থাকবেই। তুবও নতুন করে চলতে হবে। অনেক নেতৃত্ব এসেছে, নেতা এসেছেন। তবে কেউ নারীদের কথা বলেননি। কিন্তু শেখ হাসিনা সব জায়গায় নারীদের মর্যাদা দিয়েছেন।’
সাফিয়া খাতুন জেলা মহিলা আওয়ামী লীগের উদ্দেশে বলেন, নতুন কমিটি ঘোষণার পর তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নুতন নেতৃত্বের পথ তৈরি করতে হবে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনার আলম বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী কোনো রকম দোষ ছাড়া আমাদের দলের সব কমিটি থেকে বাদ দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমার দোষ, আমার বয়স ৬৫, আমার বয়স ২৫ নয়। আমার বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের অন্য নেত্রীরা সব উপজেলা নেত্রীদের ফোন করে আজকের সম্মেলনে যোগ দিতে নিষেধ করেছেন। তাঁরা নাসিরনগর উপজেলার এম বি কানিজ নামে এক মহিলাকে নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠিয়েছেন।’
সম্মেলনে অতিথিদের বক্তব্য শেষে বিকেল পাঁচটায় মিনারা আলম একটি সাদা কাগজ প্রধান অতিথি সাফিয়া খাতুনের হাতে তুলে দেন। তিনি কোনো রকম কাউন্সিল ছাড়াই মাইকের সামনে দাঁড়িয়ে সভাপতি পদে মিনারা আলমকে ও সাধারণ সম্পাদক পদে তাসলিমা সুলতানা খানমের নাম ঘোষণা করে উপস্থিত নেত্রীদের সম্মতি জানতে চান। এতে কোনো স্বতঃস্ফূর্ত সাড়া দেখা যায়নি। পরে তিনি ৭১ সদস্যের মধ্যে সহভাপতি পদে পাঁচজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদকসহ ২০টি পদের নাম ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম প্রথম আলোকে বলেন, ‘আমরা এই সম্মেলন মানি না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে আয়োজিত সম্মেলনে গঠিত এই কমিটিও মানি না।’ তিনি বলেন, ‘এ সম্মেলনের তারিখ পর্যন্ত কেন্দ্র থেকে আমাকে জানানো হয়নি। এটি সভাপতি মিনারা আলমের একতরফা সম্মেলন ছিল। তাঁর অনুসারীদের নিয়েই এই সম্মেলন অনুষ্ঠিত হয়।’
চলমান বিরোধ এবং সাধারণ সম্পাদকসহ তাঁর অনুসারীদের অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাফিয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানমের কোনো ভুল-ভ্রান্তি থেকে থাকলে সেটির জন্য আমি তাঁর পক্ষে সবার কাছে ক্ষমা চেয়েছি। নতুন কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেছি।’