অন্যায়ের প্রতিবাদ করতে কখনো পিছপা হতেন না। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়াপড়শি কিংবা অপরিচিত—সবার কাছেই তিনি ছিলেন আস্থার জায়গা। রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনারও তাৎক্ষণিক প্রতিবাদ করতেন। এ নিয়ে পরিবারের সদস্যদের কখনো কখনো সমস্যায় পড়তে হয়েছে। কখনো কখনো বিরক্ত হলেও ছেলের এই আচরণ পছন্দই করতেন মা-বাবা ও বোনেরা। তবে মাঝেমধ্যে সতর্কও করতেন। কিন্তু শেষ রক্ষা হলো না। অন্যের বিপদে এগিয়ে গিয়ে প্রাণ দিল হলো তাঁকে।

এমন অসাধারণ সাহসিকতার জন্যই খন্দকার আবু তালহা সম্মানিত হলেন ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৭’-এ। গত বছরের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারাজ আইয়াজ হোসেন স্মরণে পেপসিকো গ্লোবাল গত বছর থেকে এই পুরস্কার দিচ্ছে। আগামী আরও ১৮ বছর এ পুরস্কার দেওয়া হবে। সঙ্গী বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হলো।
গত বছর ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার পেয়েছিলেন মাদারীপুর কলেজের কর্মচারী মিরাজ সরদার। ওই কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীর ওপর হামলাকারী জঙ্গিকে তিনি হাতেনাতে ধরে ফেলেছিলেন। গত বছর বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দিয়েছিলেন পেপসিকো গ্লোবালের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা কে নুয়ি।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাহসী আবু তালহার মা সেলিনা চৌধুরী, বাবা আবু রিয়াজ মো. নুরুদ্দিন খন্দকার ও দুই বোন তায়েবা মাহমুদা ও রোকেয়া মাহমুদার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১০ হাজার ডলার, স্বীকৃতি সনদ ও ফারাজ হোসেন স্মৃতি স্মারক। ১০ হাজার ডলারের চেক তালহার দুই বোনের হাতে তুলে দেন পুরস্কারের জন্য গঠিত জুরিবোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। বাবার হাতে স্বীকৃতি সনদ তুলে দেন পেপসিকো ইন্ডিয়া রিজিওনের চেয়ারম্যান ও সিইও শিব কুমার এবং ফারাজ হোসেন স্মৃতি স্মারক তুলে দেন তাঁরাই। এ সময় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ফারাজের নানা লতিফুর রহমান ও ফারাজের মা সিমিন হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারাজের বড় ভাই যারেফ হোসেন।

আবু তালহা বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেন। প্রথম চার সেমিস্টার শেষও করেছিলেন। গত ৮ অক্টোবর সকাল সাড়ে ছয়টার দিকে টিকাটুলির বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার পর দেড় শ গজ দূরে এক প্রতিবেশী ছিনতাইয়ের শিকার হচ্ছেন দেখে তাঁকে রক্ষা করতে ছুটে যান। এক ছিনতাইকারীকে ধরেও ফেলেন তিনি। তাকে ছাড়িয়ে নিতে অপর ছিনতাইকারী ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তালহাকে। ওই সময় অনেকেই যখন ছিনতাইয়ের ঘটনা দেখে পাশ কাটিয়ে চলে যান, সেখানে ব্যতিক্রম ছিলেন তালহা। প্রতিবেশীকে রক্ষা করতে পারলেও নিজে বাঁচতে পারেননি। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আহত তালহা।
অনুষ্ঠানে তালহার বাবা আবু রিয়াজ বলছিলেন, ছিনতাইকারীদের হাত থেকে এক প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে ছেলে তালহার প্রাণ দেওয়ার ঘটনায় তাঁর মনে হয়েছে, প্রতিবাদটা এককভাবে করলে সমাজে এর প্রভাব হয়তো পড়ে; কিন্তু সবাই এগিয়ে না এলে সেটা ধরে রাখা যায় না। আবু রিয়াজ আরও বলছিলেন, তাঁর ছেলেকে যখন ছিনতাইকারীরা কোপাচ্ছিল, তখন অনেকেই দেখেছেন। তাঁরা যদি একটু চিৎকার করতেন, তাহলে হয়তো ছিনতাইকারীরা পালিয়ে যেত। ছেলেটা বেঁচে যেত।

বাবার চোখে ছেলে কেমন ছিল, জানতে চাইলে আবু রিয়াজ আজ সকালে টিকাটুলির কে এম দাশ লেনের বাসায় প্রথম আলোকে বলেন, ‘তালহার কারও প্রতি কোনো পক্ষপাতিত্ব ছিল না। যেটা ঠিক, সেটার পক্ষই নিত। ব্যক্তি পছন্দ-অপছন্দ, ধনী না গরিব—এগুলো ওর কাছে বিবেচ্য ছিল না। রাগ করতে পারি—এমন কোনো ঘটনা ঘটালেও সত্য কথাই বলত। তবে সবচেয়ে বড় গুণ যেটা ছিল ভুল করলে ক্ষমা চাওয়ার প্রবণতা। নিজে অন্যায় করেছে বুঝতে পারলে ক্ষমা চাইত।’ বাবা আবু রিয়াজ বলছিলেন, ‘ছেলের এভাবে চলে যাওয়ায় কখনো গর্বিত হই। আবার হারানোর বেদনাও তাড়িয়ে বেড়ায়। নিজের মধ্যে এক অদ্ভুত দ্বৈত আচরণ এখন টের পাই।’
একমাত্র ছেলেকে হারিয়ে মুচড়ে পড়েছেন বাবা আবু রিয়াজ ও পরিবারের অন্য সদস্যরা। ছোট দুই বোনও মাঝেমধ্যে ভাইকে খোঁজে। পরিবারের আত্মীয়স্বজনদেরও কাছে প্রিয় ছিলেন তালহা। আবু রিয়াজ বলছিলেন, ‘ছেলেটা আমার পড়াশোনা একটু কম করত। এলাকার মানুষের, বন্ধুবান্ধবদের প্রয়োজনে বেশি সময় ব্যয় করত। জিজ্ঞেস করলে বলত, “আব্বু, আমি একটু পড়াশোনা কম করি। কিন্তু খারাপ কিছু তো করি না। ছেলে মারা যাওয়ার পর বুঝেছি, ও খারাপ ছিল না। মানুষ ওকে পছন্দ করে। কারও জন্য কিছু করার মানসিকতা ছিল।’ রিয়াজ খন্দকার বলছিলেন, ‘বাংলাদেশের পড়াশোনার পদ্ধতি নিয়ে, দুর্নীতি নিয়ে ছেলে আমার সঙ্গে প্রায়ই তর্ক করত। আমি বলতাম, তুমি নীতিনির্ধারণী পর্যায়ে গিয়ে এগুলো পরিবর্তন করো। তার আগে তো তোমাকে সেই জায়গায় যেতে হবে। ছেলেটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল।’
গত ২২ নভেম্বর ছিল তালহার ২২তম জন্মবার্ষিকী। গত ২১ বছর ওই দিনটি ছেলেকে নিয়ে পরিবারের মজার সময় কেটেছে। কিন্তু এবারই প্রথম ছেলেকে ছাড়া দিনটি পার করলেন তাঁরা। আবু রিয়াজ বললেন, ‘আমাদের একটাই ছেলে। পরিবারের অনেক পরিকল্পনা ওকে ঘিরেই হতো। দুই মেয়ে এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। ওরা বাবা-মায়ের চেয়ে ভাইয়ের কাছে সবকিছু বলত। ভাইও ওদের ভালোমন্দ দেখত। সবকিছু মিলিয়ে তালহার চলে যাওয়ায় পুরো পরিবারে ছন্দপতন হয়েছে। এখান থেকে কবে বের হতে পারব কি না, সেটা আদৌ বুঝতে পারছি না।’

অনুষ্ঠানে স্যার ফজলে হাসান আবেদন বলেন, এবার এই পুরস্কারের জন্য মোট ১৮০টি আবেদন আসে। এর মধ্য থেকে প্রথমে ২০ জনকে চূড়ান্ত করা হয়। সেখান থেকে চারজনকে নেওয়া হয়। এরপর সেখান থেকে একজনকে বাছাই করা হয়। তিনি বলেন, ফারাজ তাঁকে গর্বিত করে।
লতিফুর রহমান বলেন, ‘ফারাজ যখন মারা যায়,তখন তার বয়স মাত্র ২০ বছর। সে তার বয়সের তুলনায় অনেক বড় কাজ করেছে, যেটা আমি এত বছরেও করতে পারিনি। তিনি বলেন ফারাজই বাংলাদেশ। আমার আশা, বাংলাদেশও এমন অনুপ্রেরণায় সামনে এগিয়ে যাবে।’
শিবকুমার বলেন, ‘ফারাজ বাংলাদেশের। কিন্তু সে কেবল বাংলাদেশিদের অনুপ্রেরণা নয়। সে সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণা। তার বিচরণ সারা বিশ্বে। সে আমাদের আদর্শ।’ তিনি বলেন, ফারাজের কথা উঠলে শুধু একটা কথাই মনে হয়, ‘কাপুরুষ মরে বারবার কিন্তু সাহসীরা মরে একবার’।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘মানবতার জন্য ফারাজের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে।’
যারেক হোসেন তাঁর ভাইয়ের স্মৃতি তুলে ধরেন। ফারাজকে নিজের আদর্শ উল্লেখ করে যারেফ বলেন, ‘ফারাজ আমার কাছে সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সে আমার সামনে এগোনোর শক্তি। তাঁর সাহস আমাকে অনুপ্রাণিত করে।’

দেশের বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী প্রস্তাবিত তরুণ বা তরুণীদের মধ্য থেকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন। আট সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। জুরিবোর্ডের অন্য সদস্যরা হলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নিহাদ কবির, এইচএসবিসি ব্যাংকের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্যিক ব্যাংকিংয়ের এদেশীয় প্রধান মাহাবুব উর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, পেপসিকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মনিষ মুলে, ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সাবাহাত জাহান এবং ফারাজের নানা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
পুরস্কার দেওয়ায় ঘোষণায় পেপসিকো গ্লোবালের পক্ষ থেকে বলা হয়েছে, ফারাজ হোসেন প্রকৃত বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুদের জন্য জীবন উৎসর্গ করেছেন। দৃঢ়তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, ধর্ম ও জাতীয়তার মানুষের মানবিকতাকে একসূত্রে সংযুক্ত করেছেন। ফারাজের প্রতিনিধিত্বশীলতার মধ্য দিয়ে বিশ্ব এখন জানে, বাংলাদেশ এ ধরনের মানবিক মূল্যবোধের পক্ষে দাঁড়ায়। বাংলাদেশি তরুণ বা তরুণীদের মধ্যে সাহসিকতার স্পৃহাকে উদ্দীপ্ত করতে এবং ফারাজের চেতনা জাগিয়ে তোলাই এই পুরস্কারের লক্ষ্য।

অনুষ্ঠানের শেষে ‘ফারাজ হোসেন ফাউন্ডেশন’–এর আনুষ্ঠানিক পথচলার ঘোষণা দেওয়া। ইতিমধ্যে এই ফাউন্ডেশন থেকে রোহিঙ্গাদের সহায়তা ও সিআরপিতে সহায়তা কার্যক্রম চালিয়েছে বলে অনুষ্ঠানে জানানো। www.faraazhossainfoundation.com থেকে এই ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানা যাবে। অনুষ্ঠানে ফারাজ হোসেনকে নিয়ে নির্মিত একটি ভিডিও দেখান হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মীর নাসির হোসেন, অ্যামচেমের সাবেক সভাপতি আফতাবুল ইসলাম, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাহবুবুর রহমান, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।