প্রতিবাদ করলে কাজে লাগবে

নারী নির্যাতন প্রতিরোধে প্রতিবাদকে একটি ভালো হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘নারী নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আইন করার চেয়ে নিজেরা প্রতিবাদ করলে কাজে লাগবে, আন্দোলন সফল হবে।’
চেঞ্জমেকারদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজধানীর বাংলা একাডেমিতে আজ মঙ্গলবার এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের চেঞ্জমেকাররা নিজের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা শোনান। নারী নির্যাতন দেখলেই প্রতিবাদ করার প্রতিজ্ঞা করেন। নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক নির্যাতন বন্ধ করতে এবং নারীর অধিকার সমুন্নত করার লক্ষ্যে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এ সম্মেলনের আয়োজন করে। নেদারল্যান্ডস অ্যাম্বাসির আর্থিক সহায়তায় ‘সখী’ প্রকল্পের আওতায় এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চেঞ্জমেকাররা অংশ নেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী শ্রমিক, গার্মেন্টসে কর্মরত নারীরা গভীর রাতে ওভারটাইম শেষ করে গান গাইতে গাইতে বাসায় ফেরেন। এখন আর নারীদের কাছে দুঃসাধ্য কিছুই নেই। মনে রাখতে হবে, নারীকে বাদ দিয়ে দেশ এগোবে না। নারী-পুরুষ সবাইকে সমান্তরালে এগিয়ে যেতে হবে।’
সম্মেলনে চেঞ্জমেকারদের কয়েকজন কথা বলেন। এঁদের একজন মৌসুমী। মাত্র ১৪ বছর বয়সে তিনি বাল্যবিবাহের শিকার হন। এখন ২২ বছরের মৌসুমী বলেন, ‘আমি নিজে বাল্যবিবাহের শিকার। যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, তখন আমাকে স্বামীর সঙ্গে অনিচ্ছায় ও ভয়ে যৌন সম্পর্ক করতে হয়েছে। এখন আমি নিজেই চেঞ্জমেকার হয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করছি।’
হাবিবুর রহমানের সহজ স্বীকারোক্তি। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর ওপর অনেক জুলুম করছি। তখন মনে হইতো আমার বউ আমি পিটামু, কার কী। কিন্তু চেঞ্জমেকার হওয়ার পর বুঝছি, এইটা হইলো পারিবারিক নির্যাতন, যা করা আমার উচিত হয় নাই। আমি এখন আর নির্যাতন করি না। অন্য পুরুষদের বলি, আপনারাও নির্যাতন করবেন না।’
মৌসুমি ও হাবিবুর রহমান চেঞ্জমেকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৪ সাল থেকে আমরাই পারি ক্যাম্পেইনের আওতায় এ ধরনের চেঞ্জমেকারদের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল সভাপ্রধানের বক্তব্যে বলেন, ‘১০ লাখের বেশি চেঞ্জমেকার দেশ থেকে নারী নির্যাতন বন্ধ করার প্রতিজ্ঞা ও পণ করেছে। ধর্ষক, মানবাধিকার লঙ্ঘনকারীদের জানান দিতে চাই, আমরা আছি। তাদের আমরা নজরদারির মধ্যে রাখছি। আমরাই দায়িত্ব নিয়েছি নারী নির্যাতন বন্ধ করার। আমরাই পারি বলছি, আমরাই পারব। নীতিনির্ধারকদের কাছে শুধু প্রত্যাশা-অধিকার লঙ্ঘনের ঘটনায় সর্বোত্তম সহযোগিতা চাই।’
বিশেষ অতিথির বক্তব্যে নেদারল্যান্ডস অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি (এসআরএইচআরঅ্যান্ড জেন্ডার) অ্যানি ভেস্টজেন্স বলেন, ‘মেয়েরা ভালোভাবে লেখাপড়া করো, নিজেকে গড়ে তোলো এবং নিজের অধিকার আদায়ে লড়াই করো। লড়াই ছাড়া কোনো কিছু পাওয়া যায় না।’
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন আমরাই পারি জোটের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক। দিনব্যাপী সম্মেলনে আমরাই পারি নাট্যদল ‘তিন কন্যা’ নাটক উপস্থাপন করে। বাল্যবিবাহ, ধর্ষণ, পারিবারিক জীবনে যৌন সম্পর্ক এবং কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়।