বান্দরবানের গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ করায় খিয়াং আদিবাসীরা আতঙ্কে রয়েছেন। স্থানীয় একটি সন্ত্রাসী দল ইটভাটাটির বিরুদ্ধে কোনো কিছু করতে নিষেধ করেছে এবং পুলিশও বাড়াবাড়ি না করার জন্য ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছে বলে খিয়াং আদিবাসীরা অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন পারভিন তিবরীজি বলেছেন, প্রাথমিক বিদ্যালয় ও লোকালয়সংলগ্ন ইটভাটাগুলো ক্ষতিকর প্রভাব ফেলেছে। এ জন্য উচ্চ আদালত থেকে যাঁরা নির্দেশনা নিয়ে কাজ চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আপিল করতে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। বান্দরবান সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গুংগুরু আদিবাসী খিয়াংপাড়ায় সরেজমিনে দেখা যায়, গুংগুরু পূর্ব, পশ্চিম ও মধ্যম নামে তিনটি খিয়াং আদিবাসীপাড়ার মাঝখানে গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলায় খিয়াং আদিবাসী লোকালয়ে এটি একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে পাড়াবাসী জানিয়েছেন। বিদ্যালয়টি ঘেঁষে মোহাম্মদ ইসলাম ওরফে ইসলাম কোম্পানি এবিসি নামের একটি ইটভাটা করছেন। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অংসাউ খিয়াং ও বিসই খিয়াং বলে, ইটভাটার ট্রাকের ধুলাবালিতে শ্রেণীকক্ষগুলো অন্ধকার হয়ে যায়। বিকট আওয়াজে পাঠদান ও পাঠ গ্রহণের কোনো পরিবেশ থাকে না। ভাটার চুল্লির কালো ধোঁয়া ও ধুলাবালিতে মাথার চুল কালো হয়ে যায়। কিন্তু শিক্ষকেরা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। খিয়াং ছাত্র কাউন্সিল (কেএসসি) ও খিয়াং আদিবাসী নেতারা অভিযোগ করেন, ইটভাটার মালিক মোহাম্মদ ইসলাম ইটভাটা না চালানোর জন্য গত বছর অঙ্গীকার করেছিলেন। সম্প্রতি পাড়াবাসীর এক সভায় তাঁকে অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিলে তিনি ক্ষুব্ধ হয়ে ইটভাটার বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের চাঁদাবাজি ও অপহরণ মামলায় ফাঁসানোর প্রকাশ্যে হুমকি দেন। মোহাম্মদ ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আগামী বছরের মার্চে ইটভাটা চালু রাখার পরিবেশ মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি এবং উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে কাজ করছেন। তিনি ভুল তথ্য আদালতে উপস্থাপন, সন্ত্রাসী দল ও পুলিশ দিয়ে খিয়াংদের হুমকি দেওয়ার কথা অস্বীকার করলেও খিয়াং ছাত্রদের বিরুদ্ধে চাঁদাবাজির দায়ে জিডি করার কথা স্বীকার করেছেন। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেছেন, খিয়াং ছাত্রদের কোনো হুমকির কথা বলা হয়নি। ইটভাটার ব্যাপারে আদালতের নির্দেশনা থাকার কথা তাদের বলা হয়েছে।