প্রতিবাদ করায় খুন হয়েছেন হুমায়ুন
আওয়ামী লীগের কয়েকজন নেতার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপকর্মের প্রতিবাদ করায় বরিশালের বানারীপাড়ায় উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবিরকে হত্যা করা হয়েছে। তাঁর পরিবার এমন দাবি করেছে। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতা আবদুস ছালাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল হক এবং জিয়াউল হকের সঙ্গে হুমায়ুন কবিরের নানা বিষয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরেই গত শুক্রবার হুমায়ুনকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চাখার বাসস্ট্যান্ডে জানাজা শেষে হুমায়ুনের মরদেহ মাদারকাঠি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বানারীপাড়া পৌরসভার কাউন্সিলর মোস্তফা হাওলাদার অভিযোগ করেন, আবদুস ছালামের (হুমায়ুন হত্যা মামলার আসামি) গাছকাটাসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে হুমায়ুন প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে। হুমায়ুনের ভাই ও এই হত্যা মামলার বাদী তরিকুল ইসলাম বলেন, ‘জিয়াউল হক ও মজিবুল হকের অপকর্মের বিরোধিতা করায় হুমায়ুনকে হত্যা করা হয়েছে।’বানারীপাড়া থানার ওসি গোলাম সারোয়ার বলেন, মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপকর্মের প্রতিবাদ করতে গিয়েই হুমায়ুন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।