কিশোরগঞ্জের ভৈরবে গতকাল শনিবার সকালে জিল্লুর রহমান উচ্চবিদ্যালয়ে ঢুকে একদল বখাটে ছাত্রীদের উত্ত্যক্ত করে। এ সময় প্রতিরোধ গড়ে তোলায় তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করা হয়।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে তারা।
শিক্ষার্থীদের অনেকে জানায়, সকাল ১০টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী পুলক ও সপ্তম শ্রেণীর রানা কয়েকজন বখাটেকে নিয়ে বিদ্যালয়ে আসে। রানা ও পুলক স্কুলের নির্ধারিত পোশাক পরে আসেনি। সবার সামনে বখাটেরা ছাত্রীদের কটু মন্তব্য করছিল। কারও কারও ছবি তুলছিল। গা ঘেঁষে দাঁড়াচ্ছিল। ছাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েকজন শিক্ষক এসে চেষ্টা করেও বখাটেদের থামাতে পারেনি। ওই সময় উমর ফারুক, সোহাগ, রাসেলসহ কয়েকজন প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে বখাটেরা বিদ্যালয় মাঠ ছাড়তে বাধ্য হয়। তবে যাওয়ার সময় হুমকি দিয়ে যায়। খাবারের (টিফিন) বিরতির সময় উমর ফারুক, সোহাগ ও রাসেল বাড়ি যাচ্ছিল। পথে উপজেলার জগমহনপুর গ্রামের সড়কে তারা বখাটেদের হামলার শিকার হন।
স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় সোহাগ বলে, রানা ও সোহেল হামলার নেতৃত্ব দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। বখাটেদের আইনের হাতে তুলে দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিদিন আন্দোলন করবে। শ্রেণীকক্ষে যাবে না।