প্রতিবাদ করায় নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ গ্রহণ ও হয়রানির প্রতিবাদ করায় রাজশাহীর ভূমি দিয়ারা জরিপ (সেটেলমেন্ট) কার্যালয়ে গত বৃহস্পতিবার এক ব্যক্তিকে টেবিলের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নির্যাতনের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ওই কার্যালয়ের জানালা ও বেশ কিছু আসবাব ভাঙচুর করে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম নুরুল হুদা (৪৫)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর এলাকায়। নুরুল হুদা বলেন, সম্প্রতি তিনি তাঁর জমির কাগজপত্রের সমস্যার সমাধানের জন্য ওই কার্যালয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্র্রেক্ষিতে কার্যালয়ের সার্ভেয়ার ও অতিরিক্ত চার্জ অফিসার নজরুল ইসলাম বিষয়টি তদন্ত করেন। নুরুল হুদা অভিযোগ করেন, তদন্তকাজের জন্য নজরুল ইসলাম তাঁর কাছ থেকে দফায় দফায় কয়েক হাজার টাকা ঘুষ নেন। পরে নজরুল ইসলাম আবারও ঘুষ দাবি করেন এবং ঘুষ না দিলে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে না বলে নুরুল হুদাকে জানান। ওই প্রতিবেদন জমা দেওয়ার পর নুরুল হুদা ঘুষের টাকা দেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নুরুল হুদা তাঁর জমির কাগজপত্র সম্পর্কে খোঁজখবর নিতে ওই কার্যালয়ে যান। সেখানে ঘুষ গ্রহণ ও হয়রানির প্রতিবাদ করায় বাগিবতণ্ডার একপর্যায়ে কার্যালয়ের লোকজন তাঁকে টেবিলের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিক্ষোভ শুরু করে। এ সময় তারা কার্যালয়ের জানালাসহ আসবাব ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।ঘুষ দাবি ও হয়রানির কথা অস্বীকার করে সার্ভেয়ার নজরুল ইসলাম বলেন, ওই জমির বিষয়টি আবারও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তার পরও নুরুল হুদা তাঁর কাছে বারবার তাঁর জমির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দাবি করে আসছিলেন। এ নিয়ে তাঁর সঙ্গে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। এর বাইরে কিছুই হয়নি।গতকাল দুপুরে নগরের রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমীন বলেন, ওই কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে নজরুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছেন। এখনো সেটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। তাঁরা নিজেরাই বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।