প্রতিবাদ করায় বখাটের হামলা, শিক্ষক আহত
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে সোমবার ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় যুবলীগের নেতা-কর্মীরা এক স্কুলশিক্ষকের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই শিক্ষক আহত হন।ওই শিক্ষকের নাম মোজাফ্ফর হোসেন। তিনি স্থানীয় ঝাঝর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় তিনি সোমবার রাতে ধুনট থানায় মামলা করেন। এলাঙ্গী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ পাঁচজনকে এ মামলার আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে এলাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠান এবং এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান চলাকালে যুবলীগের নেতা আবদুল মান্নানসহ কয়েকজন দর্শক সারিতে বসে থাকা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করেন। ছাত্রীদের উত্ত্যক্ত করলে এর প্রতিবাদ করায় তাঁরা শিক্ষক মোজাফ্ফর হোসেনের ওপর হামলা চালান। ছাত্রীদের উত্ত্যক্ত করার কথা অস্বীকার করে যুবলীগের নেতা আবদুল মান্নান বলেন, ‘ওই অনুষ্ঠানে আমাদের দাওয়াত করা হয়নি। বিষয়টি ওই শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হন। তখন তাঁর সঙ্গে আমাদের ধাক্কাধাক্কি হয়েছে।’